ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় চার নেতা হত্যা ষড়যন্ত্রকারীদের চিহ্নিতে কমিশনের দাবি নাসিমের

জাতীয় চার নেতা হত্যা ষড়যন্ত্রকারীদের চিহ্নিতে কমিশনের দাবি নাসিমের
×

জেল হত্যা দিবসের আলোচনা সভায় মঙ্গলবার বক্তব্য রাখেন মোহাম্মদ নাসিম- সমকাল

রাজশাহী ব্যুরো ও রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ০৯:৪৭

জাতীয় চার নেতার হত্যাকাণ্ডে ষড়যন্ত্রকারীদের চিহ্নিতে আলাদা কমিশন গঠনের অনুরোধ জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক ও জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর সন্তান মোহাম্মদ নাসিম। 

মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে অনুষ্ঠিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় আইন মন্ত্রণালয়ের প্রতি এ অনুরোধ জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, জাতীয় চার নেতার হত্যায় জড়িতদের বিচার হয়েছে। কিন্তু যেসব চক্র এই হত্যার ষড়যন্ত্র করেছিল তারা বিচারের বাইরেই রয়ে গেছে। খলনায়কদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি। আইন মন্ত্রণালয় ও মন্ত্রীর কাছে অনুরোধ করব আলাদা কমিশন গঠন করে নেপথ্যের কারিগরদের চিহ্নিত করা হোক।

তিনি বলেন, এই হত্যাকাণ্ডের ফলে সবচেয়ে সুবিধা পেয়েছে জিয়াউর রহমান। জিয়া জানতো সে সেনাপ্রধান হবে এবং ক্ষমতায় আসবে তাই খুনীদের সঙ্গে হাত মিলিয়ে ছিল। বিশেষ অতিথির বক্তব্যে শহীদ এএইচএম কামারুজ্জামানের সন্তান ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামাস লিটন বলেন, 'শহীদ কামারুজ্জামানের রক্ত আমার শরীরে প্রবাহিত হয়, কোনো বেঈমানের রক্ত নয়। অনেক নির্যাতন সহ্য করেছি। রাজনীতি না করে বড় সরকারি কর্মকর্তাও হতে পারতাম, কিন্তু আমরা তো বঙ্গবন্ধুর কাছে ঋণী।'

মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমান আল আরিফ।

এতে সভাপতিত্ব করেন প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক এম মজিবুর রহমান। সঞ্চালনা করেন শিক্ষক সমাজের সদস্য সচিব অধ্যাপক আব্দুল মনি।

আরও পড়ুন

×