ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

দেশ রক্ষা করতে হলে সরকারের পতন ঘটাতে হবে: মোশাররফ

দেশ রক্ষা করতে হলে সরকারের পতন ঘটাতে হবে: মোশাররফ
×

সভায় বক্তব্য দেন ড. খন্দকার মোশাররফ হোসেন- ফোকাস বাংলা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ০৭:৩৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশকে অত্যাচার আর নিপীড়ন থেকে রক্ষা করতে হলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে হবে। একইসঙ্গে নির্দলীয় নিরপেক্ষ সরকার এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে ভোটের মাধ্যমে এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য এম কে আনোয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ হোমনা উপজেলা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত স্মরণসভা ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, আজকে নির্দলীয় নিরপেক্ষ সরকার এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে না পারলে অত্যাচার ও নিপীড়ন থেকে এ দেশকে রক্ষা করা সম্ভব হবে না।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক বলেন, জাবি ভিসির বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ, গত ঈদে ছাত্রলীগের ছেলেদের ১ কোটি ৬০ লাখ টাকা সেলামি দিয়েছেন। তার কাছে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক ৮৬ কোটি টাকা চাঁদা চেয়েছেন। সেই ভিসিকে রক্ষা করার জন্য গত মঙ্গলবার ছাত্রলীগের 'সোনার ছেলেরা' দানবে রূপান্তরিত হয়ে বিশ্ববিদ্যালয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। একজন ছাত্র তারই সহকর্মী একটি মেয়েকে পেটে লাথি মেরে ফেলে দিতে পারে- এটা বিশ্বাস করা যায় না। কারা এদেরকে দানব বানালো? দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি একটি শক্তি। কারণ বিএনপি জনগণের কথা বলে। আর বিএনপির নেত্রী খালেদা জিয়া। তার মুক্তির জন্য যাদেরকে (জাতীয় ঐক্যফ্রন্ট) নিয়ে চলি, তাদের মধ্যে যদি অনীহা থাকে তাহলে তো তাদের সাথে দীর্ঘ পথ চলা ক্ষতিকর।

তিনি বলেন, যদি বিএনপির নেতাকর্মীরা আন্তরিকতার সঙ্গে মাঠে থাকেন তাহলে তাদের শক্তিই যথেষ্ট। জাতীয় ঐক্যফ্রন্টকে সম্মান করি ও গুরুত্ব দেই। কিন্তু তারা যদি বিএনপির ঘাড়ে চেপে তাদের নিজস্ব টার্গেট নিয়ে চলতে চায় তাহলে সেই পথে চলা বিএনপির জন্য বোকামি হবে।

আয়োজক সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন

×