শূন্য হয়ে গেল জাপা, দ্বিতীয়ও হতে পারেনি কোনো আসনে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:১১ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৩৮
| প্রিন্ট সংস্করণ
গত তিন বিতর্কিত নির্বাচনের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) এবারের ভোটে শূন্য হয়ে গেছে। জি এম কাদেরের নেতৃত্বাধীন দলটি ১৯৫ আসনে প্রার্থী দিয়ে একটি আসনেও দ্বিতীয় হতে পারেনি। আওয়ামী লীগ না থাকায় নৌকার ভোট পেয়ে ভালো ফলাফল করবে– রাজনৈতিক অঙ্গনে এই গুঞ্জন থাকলেও অধিকাংশ আসনে লাঙ্গলের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
২০২৪ সালের ‘ডামি ভোট’খ্যাত নির্বাচন বর্জন করে বিএনপি। আওয়ামী লীগের কাছ থেকে ২৬ আসন ছাড় নিয়ে অংশ নেয় জাপা। তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কারণে ১৫টিতে হেরে যায়। বাকি ২৩৯ আসনের দুটি বাদে সবগুলোতে জামানত বাজেয়াপ্ত হয় লাঙলের। তবে জাপা আবার বিরোধী দল হয়। জি এম কাদের হন বিরোধী দলীয় নেতা।
চব্বিশের গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের সমালোচকের ভূমিকায় ছিলেন জি এম কাদের। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি ও তাঁর দল ইউনূস সরকারকে সমর্থন করে। কিন্তু অভ্যুত্থানের ছাত্রনেতৃত্ব জাপাকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে সরকারি বৈঠকে ডাকার বিরোধিতা করে। তাঁর দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি তোলে জামায়াত, এনসিপি, গণঅধিকার পরিষদ।
সরকারের বিরুদ্ধে পক্ষপাতে এবার নির্বাচন বর্জনের হুমকি দিয়েছিল জাপা। কিন্তু শেষ পর্যন্ত অংশ নেয়। ভোটের মাঠে নেমে বারবার পরিবেশ নিয়ে অভিযোগ করে। লাঙ্গলের পাশাপাশি ‘না’ ভোটের প্রচার চালায়। দলটি ঠাকুরগাঁও-৩, নীলফামারী-৪, কুড়িগ্রাম-১, রংপুর-৩, গাইবান্ধা-১ আসনে জয়ী হওয়ার আশা করেছিল।
ফল আসার পর দেখা যায় অন্য সব আসনের মতো এগুলোতেও হেরেছে জাতীয় পার্টি। কোথাও দ্বিতীয় হতে পারেনি। জাতীয় পার্টি প্রতিষ্ঠা হওয়ার পর রংপুর-৩ আসনে হারেনি লাঙ্গল। এবার ৩৩ হাজার ভোট পেয়ে জামানত জব্দ হতে যাচ্ছে জি এম কাদেরের।
গাইবান্ধা-১ আসনে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীও ৩৩ হাজার ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। তাঁরও জামানত বাজেয়াপ্ত হচ্ছে। একই অবস্থা কুড়িগ্রাম-১ আসনের পাঁচবারের এমপি মোস্তাফিজুর রহমান। শামীম হায়দার পাটোয়ারী সমকালকে বলেছেন, নির্বাচনে অংশগ্রহণই জাতীয় পার্টির জন্য প্রাথমিক বিজয় হয়েছে।
ফ্যাসিবাদের দোসর তকমা এবং আওয়ামী লীগ আমলের ভূমিকার কারণে কি জাপার এই পরিণতি– প্রশ্নে তিনি বলেছেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। পরিকল্পিতভাবে জাপাকে কোথাও দ্বিতীয়ও হতে দেওয়া হয়নি।
ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ আছে কিনা– প্রশ্নে শামীম হায়দার বলেছে, ভোটের ফলাফল এর প্রমাণ। জাতীয় পার্টি শূন্য হয়ে যায়নি। সংসদে যেতে না পারলেও রাজনীতিতে ফিরবে।
- বিষয় :
- জাপা
