আবদুস সামাদ আজাদের ২১তম মৃত্যুবার্ষিকী আজ
আবদুস সামাদ আজাদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ১৬:৪৫
মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী ও স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের ২১তম মৃত্যুবার্ষিকী আজ।
১৯২২ সালের ১৫ জানুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভূরাখালী গ্রামে আবদুস সামাদ আজাদের জন্ম হয়। ছাত্র অবস্থায় ১৯৪০ সালে মুসলিম ছাত্র ফেডারেশনের আঞ্চলিক শাখার সভাপতি হিসেবে রাজনীতিতে যোগ দেন তিনি। এরপর ১৯৫৪ সালে আওয়ামী লীগে যোগ দিয়ে দলটির শ্রম সম্পাদক নির্বাচিত হন।
তিনি বঙ্গবন্ধু সরকারের পররাষ্ট্র ও কৃষিমন্ত্রী ছাড়াও ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন তিনি।
মৃত্যুবার্ষিকীতে মরহুমের পরিবার ও আবদুস সামাদ আজাদ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন রাজধানীর বনানী কবরস্থানে কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের মতো কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করবে।
- বিষয় :
- মৃত্যুবার্ষিকী
