ঔপনিবেশিক শাসন ব্যবস্থা বিলোপ করতে হবে: রব
আ স ম আবদুর রব - ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ০৯:১৬ | আপডেট: ০২ জানুয়ারি ২০২০ | ১০:২২
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ঔপনিবেশিক শাসন ব্যবস্থা বিলোপ করতে হবে। ৭ নভেম্বরের চেতনা স্বাধীনতা-সার্বভৌমত্বের রক্ষাকবচ। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর ক্ষমতার দ্বন্দ্ব-সংঘাতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব যখন বিপন্ন হওয়ার পথে, তখন কর্নেল তাহেরের নেতৃত্বে সিপাহি-জনতার অভ্যুত্থান একে সুরক্ষা দেয়।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আ স ম আবদুর রব এসব কথা বলেন।
আ স ম আবদুর রব বলেন, ৭ নভেম্বর রাষ্ট্রীয় জীবনে ঐতিহাসিক মাইলফলক। রাষ্ট্রের স্থিতিশীলতা-সংহতি ও সার্বভৌমত্ব সুরক্ষায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে জনগণের অংশগ্রহণ-অংশীদারিত্ব যে অপরিহার্য, সে নতুন রাজনৈতিক দর্শন উদ্ভাবিত হয়েছে ৭ নভেম্বর।
তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনা থেকেই পরবর্তী সময়ে ঔপনিবেশিক শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করে দেশ শাসনে শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবীদের প্রতিনিধিত্ব ও অংশীদারিত্ব প্রদানে রাজনৈতিক তত্ত্ব উদ্ভাবিত হয় ১৮ দফার মধ্যমে।
সভায় মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি সদ্য প্রয়াত মইনউদ্দীন খান বাদলের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা, শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
আ স ম আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, মো. সিরাজ মিয়া, তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সা কা ম আনিছুর রহমান খান কামাল, কামাল উদ্দিন পাটোয়ারী, সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, আবদুর রাজ্জাক রাজা প্রমুখ।
- বিষয় :
- আ স ম আবদুর রব
