ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

খালেদা জিয়াকে মুক্ত করতে রাজপথে নামতে হবে: খসরু

খালেদা জিয়াকে মুক্ত করতে রাজপথে নামতে হবে: খসরু
×

আমীর খসরু- ফাইল ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ০৯:৩৮ | আপডেট: ০৭ নভেম্বর ২০১৯ | ০৯:৪৬

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আইনের শাসনের অভাবে দেশের মানুষ আজ অতিষ্ঠ। সেখানে আইনিভাবে খালেদা জিয়াকে মুক্ত করার চিন্তা করছেন কীভাবে? খালেদা জিয়াকে মুক্ত করতে রাজপথে নামতে হবে। এজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

বৃহস্পতিবার বিকেলে খুলনা নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। খুলনা মহানগর ও জেলা বিএনপি 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে।

আমীর খসরু বলেন, ডিজিটাল সিকিউরিটি কোনো আইন নয়, এটি একটি তলোয়ার। কথা বললেই সে তলোয়ার আপনার মাথায় পড়বে। একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে এ আইন চলতে পারে না। এসব আইন করে জনগণকে ভয়ে রেখে তারা ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে।

নগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, নগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আমির এজাজ খান, সাহারুজ্জামান মোর্ত্তুজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আবদুর রশিদ, আরিফুজ্জামান অপু, সাইফুর রহমান মিন্টু, খন্দকার ফারুক হোসেন, রেহেনা ঈসা, তসলিমা খাতুন ছন্দা, মেহেদী হাসান দীপু, চৌধুরী নাজমুল হুদা সাগর, মুজিবর রহমান, একরামুল হক হেলাল, শরিফুল ইসলাম বাবু প্রমুখ।

আরও পড়ুন

×