সরকারের পররাষ্ট্রনীতিকে দুর্বল বলল জামায়াত
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২৬ | ২১:৫৪
ভারতের পুশইন প্রচেষ্টার প্রতিবাদ না করায় বিএনপি সরকারের পররাষ্ট্রনীতিকে দুর্বল আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। যশোরের বেনাপোল সীমান্তে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অপচেষ্টারও প্রতিবাদ জানিয়েছে দলটি।
আজ মঙ্গলবার দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে এসব কথা বলেছেন। তিনি বলেছেন, সীমান্তে অবৈধভাবে বাংলাদেশি তকমা দিয়ে ঠেলে দেওয়ার ভারতীয় নীতি অত্যন্ত নিন্দনীয়। কূটনৈতিকভাবে পরিচয় শনাক্ত করার আগে ভারতের পুশইন নীতি অগ্রহণযোগ্য, যা সীমান্তকে অস্থিতিশীল, নিরাপত্তাহীন ও উদ্বেগপূর্ণ করে তুলেছে।
গোলাম পরওয়ার বলেন, গত ৩১ মে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের উত্তরে সাদিপুর খড়ের মাঠ সীমান্ত এলাকায় পুশইন -এর বিষয়ে বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে নারী ও শিশুসহ ৮ থেকে ১০ জন ভারতীয় নাগরিক সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে।
জামায়াত সেক্রেটারি জেনারেল বলেছেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি। কূটনৈতিক চ্যানেলে ভারতীয় বাহিনীর ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদ না করা এবং বাংলাদেশের বর্তমান সরকারের দুর্বল পররাষ্ট্রনীতিরও নিন্দা জানাচ্ছি।
- বিষয় :
- ভারত
- পুশইন
- জামায়াতে ইসলামী
