খালেদা জিয়ার মুক্তির জন্য রাস্তায় নামতে হবে: গয়েশ্বর
গয়েশ্বর চন্দ্র রায়- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯ | ০৮:৩২ | আপডেট: ০৮ নভেম্বর ২০১৯ | ০৮:৫৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আদালতের মাধ্যমে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি হবে না। তার মুক্তির জন্য নেতাদের নির্দেশের অপেক্ষায় না থেকে এবার রাস্তায় নামতে হবে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে 'খালেদা জিয়ার সুচিকিৎসা এবং গণতন্ত্রের মুক্তি কোন পথে' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তারেক পরিষদ ঢাকা মহানগর উত্তর এ আলোচনা সভার আয়োজন করে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জাতীয় প্রেসক্লাবে আর আলোচনা করার সুযোগ নেই। এখন সময় হয়েছে রাজপথে নামার। নেতারা অনেক সময় নির্দেশ দিতে পারেন না। তাই বলে কর্মীদের বসে থাকলে চলবে না। নেতা ডাকলেন কি ডাকলেন না, সেটা দেখার দরকার নেই। দলের সবার অধিকার আছে খালেদা জিয়ার মুক্তির জন্য পথে নামার।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে শিগগিরই রাজপথে নামা হবে জানিয়ে তিনি আরও বলেন, এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। দল নিশ্চয়ই বিষয়টি বিবেচনায় রাখবে।
তারেক পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাহেদুল ইসলাম লরেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।
