ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ছাত্রদলের হামলার প্রতিবাদ জামায়াতের

ছাত্রদলের হামলার প্রতিবাদ জামায়াতের
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ২২:৪৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদরাসা এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের ওপর মঙ্গলবার হামলার জন্য ছাত্রদলকে দায়ী করেছে জামায়াতে ইসলামী। একে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মঙ্গলবার বিবৃতিতে বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠানে ছাত্রদল সশস্ত্র হামলা চালিয়েছে। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের (জকসু) ভিপি  রিয়াজুল ইসলাম আহতদের উদ্ধার করতে গেলে ছাত্রদলের সন্ত্রাসীরা বর্বর হামলা চালায়। এতে ভিপি রিয়াজুল ইসলাম, জকসুর জিএস ও ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মো. আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানাসহ ২০/২৫ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, একইভাবে ঢাকা আলীয়া মাদরাসায় ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর ছাত্রদল হামলা চালায়। হলের কক্ষ থেকে কয়েকটি ল্যাপটপ ও মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে। ঢাকা কলেজেও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে ছাত্রদলের সন্ত্রাসীরা।

গোলাম পরওয়ার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর  প্রত্যাশা চিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হব। শিক্ষার্থীরা তাদের রাজনৈতিক ও মৌলিক অধিকার ফিরে পাবে। ক্যাম্পাসগুলোয় সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানি আর শোনা যাবে না। কিন্তু বিএনপি সরকার গঠনের পর তাদের ছাত্রসংগঠন ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পরিবর্তে আওয়ামী ফ্যাসিবাদের সন্ত্রাসী পথ অনুসরণ করে আধিপত্য বিস্তারের হীন কৌশল অবলম্বন করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও সাংবাদিকদের ওপর ছাত্রদলের সশস্ত্র হামলায় রক্তাক্তদের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে, হাসপাতালের ভেতরে ঢুকেও আহত শিক্ষার্থীদের ব্যাট ও রড দিয়ে আঘাত করেছে ছাত্রদলের সন্ত্রাসীরা। হামলার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। 

গোলাম পরওয়ার বলেন, উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, দেশকে অস্থিতিশীল করতে যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সন্ত্রাসীরা হেলমেট পড়ে দেশীয় অস্ত্র হাসুয়া, লাঠি নিয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মিছিল করছে। ঢাকার বকশীবাজারে হেলমেট পড়ে যুবদল নেতা নয়নের নেতৃত্বে সন্ত্রাসীরা মহড়া দিয়েছে। এসব কর্মকাণ্ড দেখে বলতে দ্বিধা নেই বিএনপির উপর ফ্যাসিবাদী শাসনের ছায়া ভর করেছে।

আরও পড়ুন

×