ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

গণঅভ্যুত্থানেই বিজয় হবে জনগণের: আ স ম রব

গণঅভ্যুত্থানেই বিজয় হবে জনগণের: আ স ম রব
×

আ স ম আবদুর রব -ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ | ০৭:৪২

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, কর্তৃত্ববাদী শাসন, সামাজিক-রাজনৈতিক বিপর্যয়, সহিংসতা, দমনপীড়ন এবং দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য সরকারের বিরুদ্ধে বিশ্বব্যাপী গণআন্দোলন-গণঅভ্যুত্থান সংঘটিত হচ্ছে। ইরাক, সুদান, লেবানন, আলজেরিয়াসহ বিভিন্ন দেশে বিক্ষোভ-অভ্যুত্থান হচ্ছে। বাংলাদেশেও বিদ্যমান নিপীড়নের বিরুদ্ধে গণঅভ্যুত্থানেই জনগণের বিজয় অর্জিত হবে এবং মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

শনিবার জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রয়াত তিন সভাপতি মেজর (অব.) এম এ জলিল, মোহাম্মদ শাহজাহান ও নুর আলম জিকুর স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

আ স ম রব বলেন, সরকার রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। অর্থনীতি, রাজনীতি, আইন-শৃংখলাসহ সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। সরকারের ওপর জনগণের কোনো আস্থা নেই। তাই এ সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার। তিনি বলেন, মেজর জলিল, মোহাম্মদ শাহজাহান, নুর আলম জিকু ছিলেন সমাজ পরিবর্তনের লড়াকু সৈনিক। তারা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ নির্মাণে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। তাদের অবদান জাতির অস্তিত্বের সঙ্গে জড়িত। তারা অনুপ্রেরণার উৎস।

সভায় বক্তব্য রাখেন জেএসডি স্টিয়ারিং কমিটির সদস্য সিরাজ মিয়া, তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিকল্পধারা বাংলাদেশ (একাংশ) মহাসচিব অ্যাডভোকেট শাহ আহম্মেদ বাদল, সাবেক দায়রা জজ ও জেএসডি সহ-সভাপতি সা কা ম আনিছুর রকমান খান কামাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, জেএসডি নেতা মিজানুর রহমান মির্জা, খলিলুর রহমান, এস এম রানা চৌধুরী, আবদুল্যাহ আল তারেক, সৈয়দা ফাতিমা হেনা, এস এম সামছুল আলম নিপন, অ্যাডভোকেট জয়নাল আবদিন, নুরুল আবছার, মোশাররফ হোসেন, আবুল মোবারক, তৌফিক উজ জামান পীরাচা প্রমুখ।

স্টিয়ারিং কমিটির সভা : আ স ম রবের সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যালয়ে জেএসডি স্টিয়ারিং কমিটির এক সভা শনিবার অনুষ্ঠিত হয়। সভার প্রস্তাবে বলা হয়, হলি আর্টিজন বেকারিতে জঙ্গি হামলা মামলার রায় দ্রুত শেষ করা বিদেশীদের আস্থা অর্জনে সহায়ক হয়েছে। তবে দেশে গণতান্ত্রিক অধিকারহীনতা, মানবাধিকার লঙ্ঘন, সন্ত্রাস-দুর্নীতি, লুটপাট সে আস্থাকে ম্লান করে দিয়েছে। জনগণের অধিকারকে দমনপীড়নের মাধ্যমে নিয়ন্ত্রণ করার অপরাজনীতির কারণে সমাজ-রাষ্ট্রে যাতে সহিংসতার উত্থান না ঘটে। সেজন্য জাতীয় সরকার গঠনের মাধ্যমে শ্রম-কর্ম-পেশার মানুষের অংশীদারিত্বভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা জরুরি।

সভায় আগামী ২৮ ডিসেম্বর কেন্দ্রীয় কাউন্সিল সফল করার লক্ষ্যে সব জেলা, মহানগর, উপজেলা, থানা, ও পৌরসভা কমিটির কাউন্সিল ও কমিটি গঠন করে কেন্দ্রে জমাদান এবং কাউন্সিলরের তালিকা সংগ্রহের জন্য সংশ্নিষ্ট জেলার নেতাদের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন

×