ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

দ্রব্যমূল্য বৃদ্ধিতেও বিশ্ব রেকর্ড করেছে সরকার: মান্না

দ্রব্যমূল্য বৃদ্ধিতেও বিশ্ব রেকর্ড করেছে সরকার: মান্না
×

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক নারী ঐক্যের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ | ০৯:২১

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার লুটপাটের মতো দ্রব্যমূল্য বৃদ্ধিতেও বিশ্ব রেকর্ড করেছে। পেঁয়াজ থেকে শুরু করে সব দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে, তা গত ৫০ বছরেও বাড়েনি। বিশ্বের কোনো দেশে এত দ্রুত দাম বাড়ে না।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক নারী ঐক্যের উদ্যোগে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, প্লেনে করে পেঁয়াজ আসছে বলা হলেও তার কোনো খোঁজ নেই। শীতকালীন সব সবজির দামও বৃদ্ধি পেয়েছে। এদিকে সরকার বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা করছে। গণশুনানিতে বিদ্যুতের দাম বৃদ্ধির পক্ষে কেউ ছিলেন না; তারপরও নাকি তারা দাম বৃদ্ধি করবেন।

তিনি বলেন, 'মধ্যপ্রাচ্যে আমাদের মা-বোনেরা নির্যাতিত হচ্ছেন। ধর্ষিত হয়ে মারা যাচ্ছেন। এসব সরকার ও তাদের মন্ত্রীদের নজর কাড়ে না। তারা এটাকে বড় কোনো ঘটনাই মনে করছে না। মধ্যপ্রাচ্যে নারীদের নির্যাতন আর মৃত্যুতে তারা এখন পর্যন্ত কোনো প্রতিবাদ করেনি। এতে দেশের ইজ্জত চলে যায়।'

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ এই নেতা বলেন, আপিল বিভাগ খালেদা জিয়ার মেডিকেল প্রতিবেদন দেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছিল। তারপরও হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছে। তখন আদালত বলতে পারতেন- আগামী ২৪ ঘণ্টার মধ্যে যেন প্রতিবেদন জমা দেওয়া হয়। কিন্তু আদালত সেটা না করে আগামী ১২ ডিসেম্বর শুনানির জন্য দিন ধার্য করেছেন। ১৩ ডিসেম্বর থেকে আদালত বন্ধ হয়ে যাবে। সময় আসছে, দিন আসছে, মানুষ মাঠে নামবে। জোর করে হলেও সব অধিকার আদায় করে নেবে।

এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, নাগরিক নারী ঐক্যের সদস্য লাকী বেগম ও অ্যাডভোকেট শিউলি সুলতানা।

আরও পড়ুন

×