ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সংবিধানেই নেই প্রকৃত গণতন্ত্র চর্চার সুযোগ: জিএম কাদের

সংবিধানেই নেই প্রকৃত গণতন্ত্র চর্চার সুযোগ: জিএম কাদের
×

জিএম কাদের- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ | ১০:২৯

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বর্তমান সংবিধান অনুযায়ী প্রকৃত গণতন্ত্র চর্চার সুযোগ নেই। সংসদীয় পদ্ধতির 'মূল স্পিরিট' সংবিধানে নেই। ৭০ ধারা অনুযায়ী এমপিরা নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন না। পদ টিকিয়ে রাখতে তাদের দলের সঙ্গেই থাকতে হয়। সংসদকে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করার সুযোগ সংবিধানে নেই। সংসদের কাছে মন্ত্রীদের জবাবদিহিও নিশ্চিত করেনি সংবিধান।

'সংবিধান সংরক্ষণ দিবস' উপলক্ষে শুক্রবার জাপার বনানী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন জাপার প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ। অন্যান্য দল দিনটিকে স্বৈরাচার পতন দিবস হিসেবে পালন করলেও, জাপা একে 'সংবিধান সংরক্ষণ দিবস' নামে পালন করে। এরশাদ আমৃত্যু দাবি করেছেন, ৬ ডিসেম্বর ক্ষমতা ছেড়ে সংবিধান রক্ষা করেছিলেন তিনি।

আলোচনা সভায় এরশাদের পক্ষে সাফাই দিয়ে তার ভাই জিএম কাদের বলেন, নব্বইয়ের আগে-পরে যারা ক্ষমতায় ছিলেন, তাদের সবাই বিরোধীদের কাছ থেকে স্বৈরাচার তকমা পেয়েছেন। কিন্তু স্বৈরাচার অপবাদ শুধু এরশাদকেই বহন করতে হচ্ছে। এর মাধ্যমে এরশাদ ও জাপার প্রতি চরম অন্যায়-অবিচার করা হয়েছে।

আলোচনা সভার বিশেষ অতিথি জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ বলেন, এরশাদকে যারা স্বৈরাচার বলেন, তাদের লজ্জা হওয়া উচিত। কারণ, ক্ষমতায় বসতে তাদের সবারই এরশাদের সাহায্য লেগেছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাপার প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী। বক্তৃতা করেন প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, নূর-ই-হাসনা লিলি চৌধুরী, মীর আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

আরও পড়ুন

×