ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

স্বজনরা খালেদা জিয়ার সাক্ষাৎ পাচ্ছেন না: রিজভী

স্বজনরা খালেদা জিয়ার সাক্ষাৎ পাচ্ছেন না: রিজভী
×

রুহুল কবির রিজভী- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০৯:৪৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনদের সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের এই অমানবিক আচরণে দেশের জনগণ ক্ষুব্ধ। এ নিয়ে শুধু তার (খালেদা জিয়া) স্বজনরাই নন, দেশ-বিদেশের মানুষ উৎকণ্ঠিত।

রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, গত ২৫ দিন তার স্বজনদের সাক্ষাৎ বন্ধ করে দিয়েছে সরকার। গত ১৩ নভেম্বরের পর আর সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছে না। ফলে খালেদা জিয়াকে নিয়ে তারা চরম উৎকণ্ঠায় আছেন। একজন বন্দির সঙ্গে স্বজনদের দেখা করতে না দেওয়া চরম মানসিক নিপীড়ন। পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে সাক্ষাতের জন্য বারবার আবেদন করার পরও কারা কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি।

পাটকল শ্রমিকদের আন্দোলনে সমর্থন জানিয়ে তিনি তাদের সব দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। রিজভী আরও বলেন, পূর্বঘোষিত রোববার বিক্ষোভ মিছিলের কর্মসূচিতে সারাদেশে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধায় তাদের দলের অনেক নেতাকর্মী আহত হয়েছেন, অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা ও নেতাকর্মীদের আহত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করেছেন তিনি।

আরও পড়ুন

×