ছাত্রদল নেতার নামের সঙ্গে মিল থাকায় ছাত্রলীগ থেকে বহিষ্কার!
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯ | ১০:১৩ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ | ১০:৩৭
পাশাপাশি এলাকায় বসবাসকারী ছাত্রদলের এক নেতার সঙ্গে নামের মিল থাকায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতির পদ হারাতে হয়েছে বলে দাবি করেছেন রুহুল আমিন। বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের রাজেন্দ্রপুর হোটেল এপে সংবাদ সম্মেলনে সদ্য অব্যাহতি পাওয়া রুহুল আমিন বলেন, তিনি কখনও ছাত্রদলের ছিলেন না। তার পার্শ্ববর্তী গ্রামে রুহুল আমিন নামে ছাত্রদলের এক নেতা রয়েছেন। তার বাবার নাম নজরুল ইসলাম। ২০০৬ সালে ওই রুহুল আমিনকে কাউলতিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক করা হয়।
রুহুল আমিন বলেন, তখন আমার বয়স মাত্র ১৫-১৬ বছর। পারিবারিকভাবেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতি ও গুরুত্বপূর্ণ নানা দায়িত্ব পালন করে আসছি। হঠাৎ করেই একটি প্রতিপক্ষ নজরুল ইসলামের ছেলে ছাত্রদল নেতা রুহুল আমিনের সব কাগজপত্র তার বলে কেন্দ্রে পাঠানোর পর গত মঙ্গলবার কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত পত্রে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা অযৌক্তিক দাবি করে রুহুল আমিন এর প্রতিকার চেয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি আবেদনও করেছেন বলে জানান।
কাউলতিয়া এলাকার বাসিন্দা ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, নজরুল ইসলামের ছেলে রুহুল আমিন ছাত্রদলের নেতা। অন্যদিকে ছাত্রলীগের রুহুল আমিনকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন। এ দুই রুহুল আমিনকে গুলিয়ে ফেলা হয়েছে। ছোটবেলা থেকেই আব্দুস ছাত্তারের ছেলে রুহুল আমিন ছাত্রলীগের রাজনীতি করছেন বলে দাবি করেন তিনি।
গাজীপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান বলেন, রুহুল আমার বাল্যবন্ধু। আমরা এক সঙ্গেই ছাত্রলীগের রাজনীতি শুরু করেছিলাম। রুহুল কখনও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হয়নি। রাজনৈতিক প্রতিহিংসা শিকার হয়ে আজ তাকে এই পরিণতি বরণ করতে হয়েছে।
ছাত্রদলের রুহুল আমিন বলেন, তিনি ছাত্রদল করেন ছাত্রজীবন থেকেই। আব্দুস ছাত্তারের ছেলে রুহুল আমিন সারাজীবনই ছাত্রলীগ করে আসছে। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ছাত্রদল নেতা রুহুল আমিনের নামে সঙ্গে মিল থাকায় ছাত্রলীগ নেতা রুহুল আমিনকে অব্যাহতি দেওয়া হয়েছে। রুহুল আমিন ছাত্রলীগের একজন ত্যাগী নেতা। দীর্ঘদিন ধরে সে আমার সঙ্গেই রাজনীতি করছে। প্রতিপক্ষের ষড়যন্ত্রের কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে অভিযোগ করেন মেয়র।
