ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

২০১৯ সালটা জঘন্যভাবে শেষ হচ্ছে: ড. কামাল

২০১৯ সালটা জঘন্যভাবে শেষ হচ্ছে: ড. কামাল
×

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ড. কামাল হোসেন -সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০৯:০৯ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০৯:৫৯

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, নতুন বছরে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে নামবে সরকারবিরোধী এই জোট। ২০১৯ সালটা জঘন্যভাবে শেষ হচ্ছে। নতুন বছরে জনগণের ঐক্যের ভিত্তিতে দেশকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

ডাকসু ভিপি নুরুল হক নুরসহ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার নিন্দা জানান ড. কামাল। হামলার জন্য ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে দায়ী করেন তিনি।

ড. কামাল বলেন, পেশিশক্তি ব্যবহার করে ছাত্রসমাজের ওপর, নির্বাচিত নেতাদের ওপর হামলা নজিরবিহীন ঘটনা। আক্রান্তরা মারা যেতে পারত। এখনও মারা যেতে পারে। কয়েকজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন।

সোমবার ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব বলেন। মতিঝিলে নিজ চেম্বারে বৈঠক শেষে তিনি আরও বলেন, সংবিধানে যে ক্ষমতা দেওয়া আছে, অধিকার দেওয়া আছে, সেগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করতে চায় মানুষ। জনগণ ক্ষমতার মালিক- এটা সংবিধানে লেখা আছে। অথচ আজকে জনগণের ওপর নানা ধরনের আক্রমণ চালানো হচ্ছে। এ সময় বর্তমান সরকারকে 'বিনা ভোটে ঘোষিত' বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, ছাত্রলীগের আগের কমিটি বুয়েটে আবরার ফাহাদকে হত্যা করেছে। শনিবার আওয়ামী লীগের নতুন কমিটি হওয়ার পর ডাকসু ভিপির ওপর হামলা হয়েছে। এটা আওয়ামী লীগের চরিত্রের বহির্প্রকাশ।

মুক্তিযুদ্ধ মঞ্চের সমালোচনা করে মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক বলেন, আওয়ামী লীগ একে মুক্তিযুদ্ধ মঞ্চ বলছে। এই সংগঠনের জড়িতদের বাবারও তো জন্ম হয় নাই একাত্তর সালে। কিসের মুক্তিযুদ্ধ মঞ্চ? এ নিয়ে নুরের ওপর ছয়বার হামলা হলো। এই সরকারের কাছে বিচার চেয়ে কোনো লাভ নেই, আন্দোলন করতে হবে।

ড. কামালের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গণফোরামের নির্বাহী সভাপতি আবু সাঈয়িদ, মহসিন রশিদ ও গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আরও পড়ুন

×