দুটি নয়, তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ০৫:১৮
বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সন্ধ্যায় বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) তৌফিকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক জানান, দুটি নয়, তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের জন্য গতকাল শনিবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চিঠি এসেছে। নবগঠিত মোকামতলা উপজেলার সীমান্ত ও দিগন্ত ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার নতুন গঠিত মীরবাড়ী ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
জেলা প্রশাসক জানান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে চিঠিটি পাঠানো হয়েছে। আজ রোববার থেকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের কাজ শুরু হবে। তিনি বলেন, ইউএনওকে বলা হয়েছে, যেন সাংবাদিকসহ সব অংশীজনকে নিয়ে গণশুনানি করে ইউনিয়নগুলোর নাম পরিবর্তন করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জের ইউএনও জিয়াউর রহমান সংবাদমাধ্যমকে জানান, চিঠি এসেছে। নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করা হবে।
এর আগে শুক্রবার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী দুটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকায় সদ্য গঠিত তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্কের পর তিন ইউনিয়নের নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত এলো। নামগুলো তাঁর পারিবারিক পদবি ও দুই ছেলের নামের সঙ্গে মিল থাকায় গত সোমবার সংসদে প্রতিমন্ত্রীকে প্রশ্নের মুখে পড়তে হয়। তবে অভিযোগ নাকচ করে সংসদে শাহে আলম বলেন, ‘নামগুলো অলৌকিকভাবে তাঁর ছেলেদের নামের সঙ্গে মিলে গেছে।’
গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের সই করা প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের কথা জানানো হয়।
- বিষয় :
- বগুড়া
- প্রধানমন্ত্রী
- তারেক রহমান
