এলডিপির একাংশের কাউন্সিল: আব্বাসী-সেলিমের নেতৃত্বে নতুন কমিটি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০ | ০৭:৫৪
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একংশের জাতীয় কাউন্সিলে আবদুল করীম আব্বাসীকে সভাপতি ও সাহাদাত হোসেন সেলিমকে মহাসচিব ঘোষণা করা হয়েছে।
শনিবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের মুক্তিযোদ্ধা মিলনায়তনে দলের পঞ্চম জাতীয় কাউন্সিলে আব্বাসী ও সেলিমের নেতৃত্বে চার সদস্যের আংশিক কমিটি ঘোষণা দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন-সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুল গনি ও যুগ্ম সম্পাদক এম এ বাশার।
কাউন্সিলে জানানো হয়, আলাপ-আলোচনা করে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
সকাল ১১টায় পঞ্চম জাতীয় কাউন্সিলের সভাপতিত্ব করেন আবদুল করীম আব্বাসী। যিনি গত সংগঠনটির সমন্বয় কমিটির আহ্বায়ক ছিলেন। গত ১৮ নভেম্বর আব্বাসীর নেতৃত্বে নতুন সমন্বয়ক কমিটির ঘোষণা দেন অলি আহমদের ঘোষিত এলডিপির কমিটি থেকে বাদ পড়া সাবেক কমিটির যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম।
এলডিপির এই জাতীয় কাউন্সিলে ৩০ জেলা থেকে ৬ শতাধিক কাউন্সিলর অংশ নেন। কাউন্সিলে মঞ্চের দুই পাশে খালেদা জিয়ার ছবি সংবলিত তার মুক্তির ব্যানার টানানো ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গণতন্ত্রকে উদ্ধার করতে হলে, খালেদা জিয়াকে মুক্ত করতে হলে মিলনায়তনে বসে স্লোগান দিলে হবে না। সবাইকে রাজপথে নামতে হবে। রাতের অন্ধকারে যেভাবে ওরা ভোট ডাকাতি করেছে ঠিক সেইভাবে জনগণের তাড়া খেয়ে রাতের অন্ধকারেই একদিন পালিয়ে যাবে।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশ এখন খালেদা জিয়াকে চায়, তারেক রহমানকে চায়, তারুণ্যের নেতৃত্বকে চায়, দেশ এখন যেন তেন নেতৃত্ব চায় না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
অনুষ্ঠানে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) সভাপতি মোস্তফা জামাল হায়দার, জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ প্রমুখ বক্তব্য রাখেন।
- বিষয় :
- এলডিপি
