মার্শাল ল'কেও হার মানিয়েছে নির্বাচন কমিশন: নাসিম
মোহাম্মদ নাসিম - ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০ | ০৯:৩৬
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। তাহলে আমরা দলীয় নেতারা কেন প্রচার চালাতে পারব না? এ ক্ষেত্রে মার্শাল ল'কে তো হার মানিয়েছে নির্বাচন কমিশন। তিনি দাবি করেন, পৃথিবীর কোথাও এমন আইন বা নিয়ম নেই। চলতি সংসদ অধিবেশনে আইন পরিবর্তন করে জনপ্রতিনিধিদের নির্বাচনী প্রচারে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের মওলানা মুহাম্মদ আকরম খাঁ হলে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম স্মরণে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত স্মরণসভায় মোহাম্মদ নাসিম এ সব কথা বলেন। নাসিম বলেন, সিটি করপোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে নির্বাচন কমিশন। দলীয় প্রতীকে নির্বাচন হবে অথচ দলীয় নেতারা নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না- এটা হতে পারে না।
তিনি আরও বলেন, সিটি নির্বাচনে প্রার্থীরা কথার ফুলঝুরি দিয়ে ভোট নেবেন, আর মশার কামড়ে মানুষ মরবে- এটা মেনে নেওয়া হবে না। আমরা মশা ও মাদকমুক্ত সুন্দর, পরিচ্ছন্ন ও বসবাস উপযোগী ঢাকা চাই। আশা করি আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীরা আমাদের আশা পূরণ করবেন। ইনশাআল্লাহ নৌকা বিজয়ী হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ ও অভিযুক্ত মজনুর গ্রেপ্তার বিষয়ে তিনি বলেন, এই ধরণের অপরাধীদের তাৎক্ষণিক বিচার করে শাস্তি নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি আছে বলেই এরা দেশে ধর্ষণ, নির্যাতন ও হত্যাকাণ্ডের মতো জঘন্য কাজ করতে পারে। কিছু মানুষের অপকর্মের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব অর্জন ম্লান হয়ে যেতে পারে না।
নাসিম আরও বলেন, দুনিয়ার অনেক দেশেই এই ধরনের অপরাধীদের তাৎক্ষণিক বিচার করে শাস্তি দেওয়ার বিধান আছে। অনেক সময় চলে গেছে, আর ধৈর্য ধরার সময় নেই। এ অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে। ধর্ষক ও নারী নির্যাতনকারীদের তাৎক্ষণিক বিচার করতে প্রয়োজনে সংসদে আইন পাস করার উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্যোগ নিতে হবে। ধর্ষকদের এমন শাস্তি দিতে হবে, যাতে আর কেউ এমন অপরাধ করার সাহস না পায়।
বঙ্গবন্ধু একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এমএ করিম, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।
- বিষয় :
- মোহাম্মদ নাসিম
