ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে করোনায় আরও ৫ বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনায় আরও ৫ বাংলাদেশির মৃত্যু
×

ফাইল ছবি

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০ | ০৩:৩৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে আরও পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে নিউইয়র্কে তিনজন, নিউজার্সিতে একজন এবং মিশিগানে একজন প্রাণ হারান। স্থানীয় সময় মঙ্গলবার তারা মারা যান। এ নিয়ে  যুক্তরাষ্ট্রে মোট ৯৩ বাংলাদেশি মারা গেলেন এই মহামারীতে। এর মধ্যে নিউইয়র্কেই মৃত্যু ঘটেছে ৮৫ জনের। এর আগে সোমবার রাতে নিউইয়র্কে শাহনুর রহমান নামে এক ব্যক্তি তার কুইন্সের বাসায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তিনি ওষুধ বিক্রির চেইনস্টোর সিভিএস ফামের্সীর ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন।  

প্রতিদিন নিউইয়র্কে বাংলাদেশিদের নতুন করে করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সিটির ওজন পার্কে এক পরিবারের ৬ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া বাংলাদেশি অধ্যুষিত কুইন্সের জ্যাকসন হাইটস, জ্যামাইকা ও এস্টোরিয়ার বাংলাদেশি গ্রোসারীগুলোর অনেক মালিক-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। জ্যামাইকার সবচেয়ে বড় বাংলাদেশি গ্রোসারীর বেশ ক’জন কর্মচারী করোনায় আক্রান্ত হওয়ায় সিটি কর্তৃপক্ষ দোকানটি বন্ধ করে দেয়। এছাড়া এস্টোরিয়ায় ২০ জনেরও বেশি বাংলাদেশি এই মহামারীতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কয়েকজন। 

এদিকে নিউইয়র্ক সিটির পাশের শহর লং আইল্যান্ডেও বাংলাদেশি চিকিৎসকসহ অন্তত ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একজন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলেও দু’জনের অবস্থা সংকটাপন্ন। ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিন বাংলাদেশি চিকিৎসক মারা গেছেন।

এদিকে নিউইয়র্কের পর বাংলাদেশিদের দ্বিতীয় বৃহত্তম বসতি ক্যালিফোর্নিয়ার লসঅ্যাঞ্জেলেসে এখন পর্যন্ত কারও করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। এছাড়া জর্জিয়া রাজ্যের আটলান্টা শহর, টেক্সাসের ডালাস ও হিউস্টনে অনেক বাংলাদেশি বসবাস করলেও এ শহরগুলোতে বাংলাদেশি কারও করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।


আরও পড়ুন

×