স্পেনে প্রবাসীদের রেসিডেন্ট কার্ডসহ সব ডকুমেন্টের মেয়াদ বেড়েছে
স্পেন প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২০ | ২২:০৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাস জনিত সৃষ্ট সঙ্কটের কারণে স্পেনে প্রবাসীদের রেসিডেন্ট কার্ডসহ সবধরনের ডকুমেন্টের মেয়াদ বেড়েছে। মানবিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংক্রান্ত স্পেনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের রাষ্ট্রীয় অফিসিয়াল বুলেটিনের মাধ্যমে এই সংবাদ নিশ্চিত করা হয়েছে। সঙ্কটকালীন এই সময়ে যাদের কার্ডের মেয়াদ শেষ হয়েছে অথবা শেষের পথে তারা এ সুবিধার আওতায় পড়বেন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, স্পেনে বসবাসের অনুমতি কার্ডের (আড়াইগো) মেয়াদ বাড়ানো হয়েছে ৬ মাস। এছাড়া যারা স্পেনে রাজনৈতিক আশ্রয় আবেদন করেছিলেন, তাদের সত্যায়নপত্রের (রেডকার্ড) মেয়াদও বেড়েছে। যাদের রেডকার্ডের মেয়াদ আগামী ১৫ জুনের মধ্যে শেষ হবে, তাদের মেয়াদ জরুরি অবস্থা শেষ হওয়া পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
ডকুমেন্টের মেয়াদ বাড়ার পাশাপাশি আশ্রয় আবেদনকারীদের আর্থিক সহায়তাও বাড়ানো হয়েছে। আবেদনকারী যাদের আর্থিক ভাতা গত মার্চে শেষ হওয়ার কথা ছিল, করোনা মহামারি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে। একইভাবে শরণার্থীদের সুবিধা বেড়েছে জরুরি অবস্থা শেষ হওয়া পর্যন্ত। এর আগে স্পেনের সবধরণের স্বাস্থ্যবীমার মেয়াদও বাড়ানো হয়।
স্পেন সরকারের এমন সিদ্ধান্তে ডকুমেন্ট নিয়ে দুশ্চিন্তাগ্রস্থ বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একাধিক প্রবাসী বাংলাদেশি জানান- রেসিডেন্ট কার্ডসহ অন্যান্য কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে গেলে তারা বারবার সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে কোনো সাড়া পাচ্ছিলেন না। এ নিয়ে দুঃশ্চিন্তার শেষ ছিল না তাদের। কিন্তু স্পেন সরকারের নেওয়া এমন সিদ্ধান্ত তাদের স্বস্তি দিয়েছে। জরুরি অবস্থা শেষ হলে কার্ডের মেয়াদ বৃদ্ধির ব্যাপারে নতুন নির্দেশনা প্রদান করা হবে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বিলটি সংসদে উপস্থাপন করেন। পরে সদস্যরা দুই মাসের বন্দীদশা ও কঠিন সঙ্কট বিবেচনায় এনে বিলটি পাসে সম্মতি দেন।