'ইতালিতে প্রবাসীদের স্বার্থ রক্ষায় দূতাবাস নিরলস কাজ করছে'
শনিবার রোমের স্থায়ী দূতাবাসে সংবাদ সম্মেলন করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। ছবি: সমকাল
ইতালি প্রতিনিধি
প্রকাশ: ২১ জুন ২০২০ | ১৩:৩৬
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বলেছেন, প্রবাসীদের স্বার্থ রক্ষা ও সমস্যা সমাধানে দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতালির রাজধানী রোমের স্থায়ী দূতাবাসে শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, 'দূতাবাসের সার্বিক কার্যক্রম পরিচালনায় শৃঙ্খলা ফেরাতে অ্যাপয়েন্টমেন্টভিত্তিক সেবা দেওয়া হচ্ছে। এরপরও জরুরি প্রয়োজনে অনলাইনে অতিরিক্ত তিনটি নম্বর দেওয়া আছে। এসব নম্বরে ফোন করেও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।'
এ সময় দূতাবাসের প্রথম সচিব (পাসপোর্ট) শেখ সালেহ আহমেদ, কাউন্সিলর ও দূতালয় প্রধান শিকদার আশরাফুর রহমান, কাউন্সিলর (শ্রম) আরফানুল হক ও রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা শেখ শামীম আহমেদ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত বলেন, 'অনিয়মিত অভিবাসীদের বৈধতা দেওয়ার ঘোষণায় দূতাবাসে সেবাপ্রার্থীদের ভিড় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। সে কারণে সরকারি ছুটির দিন শনিবারও দূতাবাসের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। করোনার কারণে দূতাবাসে আসা সেবা প্রার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। আমরা প্রতিদিন সর্বোচ্চ সংখ্যক প্রবাসীকে সেবা দেওয়ার চেষ্টা করছি। দূতাবাসের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরপরও আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। ইচ্ছে করলেই একদিনে এক হাজার প্রবাসীকে সেবা দেওয়া সম্ভব নয়। সেজন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে শৃঙ্খলাভিত্তিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, অ্যাপয়েন্টমেন্টের বাইরেও শত শত প্রবাসী দূতাবাসের বাইরে ভিড় করে ইতালি সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি লঙ্ঘন করছেন। এর ফলে দূতাবাসকে যেমন অসম্মানিত হতে হয়, তেমনি বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।'
তিনি আরও বলেন, 'বাংলাদেশ কমিউনিটির কিছু নেতা দূতাবাসকে বিতর্কিত করে ফায়দা নেওয়ার চেষ্টা করছেন। এটি করতে গিয়ে তারা বিদেশে দেশের ভাবমূর্তি বিনষ্ট করছেন।'
অনিয়মের অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, 'দূতাবাস কেবল পাসপোর্টের আবেদন জমা নেয় ও ডেলিভারি প্রদান করে। বাংলাদেশের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে আবেদনকারীর সবকিছু ভেরিফাই করে পাসপোর্ট ইস্যু করা হয়। এজন্য দূতাবাসে কোনো অনিয়মের সুযোগ নেই। এরপরও কেউ অভিযোগ জানালে আমরা সেটি আন্তরিকভাবে খতিয়ে দেখব ও প্রয়োজনীয় ব্যবস্থা নেব।'
অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এখানে অনিয়মের কিছু নেই। অ্যাপয়েন্টমেন্টের বাইরেও জরুরি প্রয়োজনে আমরা সেবা প্রদান করছি। তবে কমিউনিটির কয়েকজন নেতা অযৌক্তিকভাবে দূতাবাসের সেবা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তাদের ব্যক্তিগত কিছু স্বার্থ চরিতার্থ করতে এমনটি করছেন। দূতাবাস বাংলাদেশিদের সেবার জন্য। এটি কোনো ব্যক্তির বা গোষ্ঠীর নয়। আমি এর আগে দেশে বিভিন্ন পর্যায়ে সততার সঙ্গে দায়িত্বপালন করে এসেছি। কাজেই এখানে কোনো অপশক্তি সফল হবে না।'