ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

ইতালিতে ৭০ দিন পর এক দিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত

ইতালিতে ৭০ দিন পর এক দিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত
×

ইতালি প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০ | ১৩:১৮

ইতালিতে ৭০ দিন পর শুক্রবার একদিনে সর্বোচ্চ সংখ্যক ৫৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে দ্বিতীয় ধাপে প্রাণঘাতী করোনার প্রকোপ বাড়লেও দেশটিতে সুবিধাজনক অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা। একটানা তিন দিন ইতালিতে কোনো বাংলাদেশি প্রবাসী করোনায় সংক্রমিত হননি। যদিও প্রতিদিন দেশটিতে থাকা উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী করোনায় আক্রান্ত হচ্ছেন। 

ইতালির নাগরিক সুরক্ষা বিভাগের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫৫২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৩ জনের। এরআগে ২৮ মে একদিনে ৫৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং মৃত্যু হয়েছিল ৭০ জনের। একইসাথে শুক্রবার দেশটির ২১টি বিভাগের সবকটি শহরে করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে বিভাগীয় শহর ভেনেতোতে ১৮৩ জন, দ্বিতীয় সর্বোচ্চ লোম্বার্দিয়ায় ৬৯ জন, এমিলিয়া রোমানিয়ানায় ৫৪ জন, পিয়েমন্তে ৩৭ জন, সিসিলিয়ায় ২৭ জন, বাসিলিকাতা ও মার্কে শহরে ২১ জন, রোমসহ লাছিওতে ২০ জন, কাম্পানিয়ায় ১৫ জন, লিগুরিয়ায় ৯ জন, তোছকানায় ১৩ জন, পুলিয়ায় ১১ জন, ত্রেনতো ও ফ্রিউল্লিয়ায় ৪ জন করে, উমব্রিয়ায় ৩ জন, বোলজানোতে ৬ জন এবং মলিসে একজন।        

এদিকে দেশটিতে করোনার প্রকোপ ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থা গ্রহণ করেছে সরকার। শুক্রবার থেকে সড়ক পথে আসা বিদেশিদের নমুনা পরীক্ষা শুরু করেছে রোমের স্বাস্থ্য বিভাগ। উত্তর রোমের সড়ক পথে শুরু হওয়া এ কার্যক্রমের প্রথম দিনে ৬৩ জন বিদেশির নমুনা পরীক্ষা করা হয়েছে। রোমানিয়া থেকে প্রবেশ করা এসব অভিবাসীর কারও করোনা শনাক্ত হয়নি।

আরও পড়ুন

×