ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

লন্ডনে আবারও সংহতি কবিতা উৎসব, এবারের আয়োজন আঞ্চলিক ভাষার কবিতা

লন্ডনে আবারও সংহতি কবিতা উৎসব, এবারের আয়োজন আঞ্চলিক ভাষার কবিতা
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩:০১

যুক্তরাজ্যে প্রবাসী বাঙালিদের সাহিত্যচর্চার অন্যতম প্ল্যাটফর্ম সংসতি সাহিত্য পরিষদ আবারও আয়োজন করতে যাচ্ছে বাংলা কবিতা উৎসব। আগামী জুলাই মাসে অনুষ্ঠিতব্য এ উৎসবকে ঘিরে ইতিমধ্যে আয়োজকদের ব্যস্ততা শুরু হয়েছে। বিগত উৎসবগুলোর ধারাবাহিকতায় নেওয়া হচ্ছে নতুন পরিকল্পনা।

সংহতির সভাপতি নাট্যকার-ছড়াকার আবু তাহের এবং সাধারণ সম্পাদক কবি তুহিন চৌধুরী জানিয়েছেন, এবারের ‘সংহতি কবিতা উৎসব ২০২৬’ আয়োজন করা হবে বাংলা আঞ্চলিক ভাষায় রচিত কবিতা নিয়ে।

কবিরা তাদের নিজ নিজ আঞ্চলিক ভাষায় রচিত কবিতা পাঠ করবেন। তাদের ভাষায়, প্রবাসে বাংলা কবিতার স্বরকে আরও বহুমাত্রিক ও প্রজন্মসংলগ্ন করে তুলতেই এ বিশেষ আয়োজন। পাশাপাশি মাতৃভাষার হারিয়ে যেতে বসা আঞ্চলিক স্বরকে কবিতার মাধ্যমে সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করাও এ উদ্যোগের লক্ষ্য।
উৎসবের নির্দিষ্ট তারিখ ও অতিথিদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।

ইতোমধ্যে কবিদের কাছ থেকে তাদের আঞ্চলিক ভাষায় রচিত কবিতা আহ্বান করা হয়েছে। আবৃত্তিযোগ্য কবিতাকে অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিত কবিতাগুলো নিয়ে সংহতি একটি বিশেষ সংকলন প্রকাশ করবে। পাশাপাশি উৎসবে থাকবে নির্বাচিত কবিতা থেকে বিশেষ আবৃত্তি পরিবেশনা।

কবিদের আগামী ৩০ মার্চ ২০২৬-এর মধ্যে নিজস্ব আঞ্চলিক ভাষায় রচিত দুটি কবিতা পাঠাতে হবে [email protected] এবং [email protected]—এই দুটি ইমেইল ঠিকানায়।

বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে তিন যুগেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সংহতি সাহিত্য পরিষদ। ২০০৮ সালে তারা লন্ডনে প্রথম বাংলা কবিতা উৎসবের আয়োজন করে। ২০২৪ সাল পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে মোট আটটি কবিতা উৎসব। এসব আয়োজনে বাংলা ভাষার প্রবীণ ও তরুণ বিশিষ্ট কবি-লেখকরা প্রধান ও বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন।

তাদের মধ্যে উল্লেখযোগ্য- আবদুল গাফ্‌ফার চৌধুরী, বেলাল চৌধুরী, রফিক আজাদ, কেতকী কুসারী ডাইসন, নির্মলেন্দু গুণ, আসাদ চৌধুরী, মহাদেব সাহা, হাবিবুল্লাহ সিরাজী, মোহাম্মদ সাদিক, আনিসুল হক, মারুফ রায়হান, মাসুদ খান, মুস্তাফিজ শফি, শোয়াইব জিবরান ও ওবায়েদ আকাশ প্রমুখ।

উৎসব উপলক্ষে প্রতি বছর ব্রিটেনে বসবাসরত একজন বাঙালি কবিকে প্রদান করা হয় ‘সংহতি কবিতা পদক’। এছাড়া প্রধান ও বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়া কবিদের দেওয়া হয় ‘সংহতি বিশেষ সম্মাননা পদক’।

আরও পড়ুন

×