ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আল-আজহারের তত্ত্বাবধানে ‘শান্তির দূত’ হচ্ছেন বাংলাদেশি ছাত্ররা

আল-আজহারের তত্ত্বাবধানে ‘শান্তির দূত’ হচ্ছেন বাংলাদেশি ছাত্ররা
×

মিশরের আল-আজহার ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীরা

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ | ০২:১০

মিশরের আল-আজহার ইউনিভার্সিটি ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে নতুন এক উদ্যোগ হাতে নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত শাখা আলাল-আজহার অবসেরভেটরি ফর কোম্বাটিং এক্সট্রিমিজম (এওসিই)-এর তত্ত্বাবধানে বাংলাদেশি ছাত্রদের নিয়ে গঠিত হয়েছে ‘দ্য অ্যাকর্ড ফর সলিডারিটি অ্যান্ড কোহিশন’ নামে একটি প্ল্যাটফর্ম।

প্রাথমিকভাবে ৪০ জন মেধাবী বাংলাদেশি ছাত্রকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই প্রতিনিধিরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উগ্রবাদ মোকাবিলা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

প্ল্যাটফর্মটির মূল লক্ষ্য হলো ইসলামের ভেতরে আকিদা ও মাযহাবভিত্তিক ছোটখাটো মতভেদ দূর করে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা। আল-আজহারের ‘ওয়াসাতীয়াহ’ বা মধ্যপন্থার বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এই প্রতিনিধিরা ‘শান্তির দূত’ হিসেবে কাজ করবেন।

ASC কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আকিদা ও মত নির্বিশেষে ইসলামের সঠিক ও মধ্যপন্থী বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়েই তাদের এই উদ্যোগ।

এ বিষয়ে এওসিই-এর প্রধান পরিচালক ড. রেহামান সালমান জানান, এই কার্যক্রম কেবল আজহারি শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বরং এই প্রতিনিধিদের মাধ্যমে বাংলাদেশের স্কুল, কলেজ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছেও উগ্রবাদবিরোধী বার্তা পৌঁছে দেওয়া হবে।

উল্লেখ্য, গত এক দশক ধরে আল-আজহার অবজারভেটরি উগ্রবাদ ও কট্টরপন্থা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে এই নতুন উদ্যোগ তরুণ সমাজকে আরও সহনশীল ও উদার হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

×