ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

কানাডায় তিন ফেডারেল আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

কানাডায় তিন ফেডারেল আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
×

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: সংগৃহীত

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | ১২:৫৫

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ব্রিটিশ কলাম্বিয়া, অন্টারিও ও কুইবেকের তিনটি ফেডারেল আসনে আগামী ৩১ আগস্ট উপনির্বাচনের ঘোষণা দিয়েছেন। আসনগুলো হলো নর্থ ভ্যাঙ্কুভার-ক্যাপিলানো (ব্রিটিশ কলাম্বিয়া), বিচেস-ইস্ট ইয়র্ক (অন্টারিও) এবং শিকুতিমি-লে ফিয়র (কুইবেক)।

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক লিবারেল এমপি জনাথন উইলকিনসন, নাথানিয়েল আরস্কিন-স্মিথ এবং সাবেক কনজারভেটিভ এমপি রিচার্ড মার্টেল পদত্যাগ করায় এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উইলকিনসন বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে কানাডার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, মার্টেলকে সিনেটে নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমানে স্পিকার ছাড়া হাউস অব কমন্সে লিবারেল পার্টির আসনসংখ্যা ১৭১। তবে সাবেক মন্ত্রী স্টিভেন গিলবোর ২৮ আগস্ট পদত্যাগের পর তা কমে ১৭০-এ নেমে আসবে।

এ অবস্থায় কার্যকর সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে লিবারেলদের অন্তত একটি আসনে জয় প্রয়োজন। সেক্ষেত্রে তাদের আসনসংখ্যা আবার ১৭১ হবে এবং সমসংখ্যক ভোটের পরিস্থিতিতে স্পিকারের ভোটে সংখ্যাগরিষ্ঠতার সুবিধা বজায় থাকবে।

অন্যদিকে, সেপ্টেম্বরের শেষ দিকে বিরোধী দলগুলোর সম্মিলিত আসনসংখ্যা ১৬৫-এ দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। কনজারভেটিভ এমপি ক্যাথি ওয়াগানটল ৩১ আগস্ট আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন। এছাড়া নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) এমপি আলেক্সান্দ্র বুলরিস কুইবেকের প্রাদেশিক নির্বাচনে অংশ নিতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

তবে কুইবেকের সাঁ-ইয়াসিন্ত-ব্যাগো-আকতঁ আসনে এখনো উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। এ আসনের সাবেক ব্লক কুইবেকোয়া এমপি সিমোঁ-পিয়ের সাভার-ত্রঁবলে প্রাদেশিক নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এ আসনের বিষয়ে যথাসময়ে সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে তিনটি আসনের জন্য লিবারেল পার্টি ব্রেডেন কেলি, তানভির শাহনাওয়াজ এবং ড্যানিয়েল গোবেইলকে প্রার্থী করেছে। কনজারভেটিভ পার্টি স্টিফেন কারান ও রেজি গদ্রোর প্রার্থিতা ঘোষণা করেছে। এনডিপি জানিয়েছে, আগ্রহী প্রার্থীদের জন্য মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে এবং শিগগিরই তাদের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

আরও পড়ুন

×