কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে সেমিনারে বক্তারা
নতুন প্রজন্মের রাষ্ট্র মেরামতের ডাকে সকলের অংশগ্রহণ প্রয়োজন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ০৯:৩২
যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত সংগঠন 'পিস ফর বাংলাদেশ'-এর উদ্যোগে কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে গত সোমবার অনুষ্ঠিত হল প্রসপেকটিভ বাংলাদেশ বা প্রত্যাশার বাংলাদেশ বিষয়ক প্যানেল ডিসকাশন ধর্মী একটি বুদ্ধিবৃত্তিক সেমিনার।
সংগঠনটির চেয়ারম্যান মো. ডলার বিশ্বাসের সভাপতিত্বে সেমিনারটি পরিচালনা করেন যুক্তরাজ্য ভিত্তিক জনপ্রিয় টিভি উপস্থাপক, মানবাধিকার কর্মী ও সাংবাদিক আমিনুল আহসান তানিম। সেমিনারের শুরুতেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন মো. বশির আহমেদ।
প্রধান অতিথি হিসেবে সেমিনারে বক্তব্য দেন বিশিষ্ট আইনজীবী ও নিউহ্যাম কাউন্সিলের ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের নৈতিক-চারিত্রিক অবক্ষয়ের কারণে বর্তমান বাংলাদেশে দূরবস্থা বিরাজ করছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি প্রবাসী বাংলাদেশিসহ সকলকে ব্যাপক ভিত্তিক সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সেমিনারে বক্তারা বলেন, নতুন প্রজন্মের রাষ্ট্র মেরামতের ডাকে সকলের অংশগ্রহণ এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক সামশুল আলম লিটন। প্যানেল বক্তা ছিলেন পিস ফর বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি মো. মাহিন খান, সাবেক ছাত্রনেতা মো. তরিকুল ইসলাম ও ওয়েস্ট মিনিস্টার বিশ্ববিদ্যালয় ইউকের ছাত্র আব্দুল্লাহ আল নোমান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দ জামাল আহমেদ, মো. তুহিন মোল্লা, সাইফুর রহমান পারভেজ, মোহাম্মদ মাজহারুল ইসলাম ভূঁইয়া, মো. বশির আহমেদ, মো. আনিসুজ্জামান, মাহবুবুর রহমান, মো. শোয়াইবুর রাহমান প্রমুখ।
- বিষয় :
- যুক্তরাজ্যে সেমিনার
- প্রবাস
