ভেনিসে টানা দ্বিতীয়বার কাউন্সিলর হলেন বাংলাদেশি আফাই আলী
ছবি: সংগৃহীত
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২৬ | ১২:০০ | আপডেট: ৩০ মে ২০২৬ | ১২:২১
ইতালির ভেনিস সিটি করপোরেশন নির্বাচনে টানা দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আফাই আলী। গত ২৫ ও ২৬ মে অনুষ্ঠিত পাঁচ বছর মেয়াদি এই নির্বাচনে পার্তিতো ডেমোক্রেটিকো (পিডি) দল থেকে প্রার্থী হয়ে তিনি প্রতিদ্বন্দ্বীদের বিপুল ব্যবধানে পরাজিত করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক বাংলাদেশি প্রার্থী মতিউর রহমান।
আফাই আলী কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের আব্বাস আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় ১৯৮৮ সালে ইতালি যান তার বাবা আব্বাস আলী। পরে ইতালির নাগরিকত্ব গ্রহণ করে ২০০২ সালে স্ত্রী-সন্তানদের সেখানে নিয়ে যান তিনি।
ভেনিসে গিয়ে আফাই আলী পড়াশোনা শুরু করেন এবং ২০১৭ সালে ইতালির মূলধারার রাজনৈতিক দল পার্তিতো ডেমোক্রেটিকোতে (পিডি) যোগ দেন। ২০২০ সালে প্রথমবার ভেনিস সিটি করপোরেশনের মেস্ত্রে কার্পেনেদো এলাকার কাউন্সিলর পদে মনোনীত হয়ে ইতিহাস গড়েন তিনি। সেই সময় তিনিই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ভেনিস সিটি কাউন্সিলর নির্বাচিত হন।
এবারের নির্বাচনে একই এলাকায় মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। টানা দ্বিতীয়বার বিজয়ী হয়ে আফাই আলী বাংলাদেশি কমিউনিটিতে গৌরব ও আনন্দের আবহ সৃষ্টি করেছেন।
তার জন্মভূমি অষ্টগ্রামের আব্দুল্লাপুরেও বইছে আনন্দের জোয়ার। নির্বাচনে জয়লাভের পর তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
- বিষয় :
- ইতালি
- নির্বাচন
- কাউন্সিলর
- বাংলাদেশি বংশোদ্ভূত
