ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০ | ১০:৩০ | আপডেট: ১০ জানুয়ারি ২০২০ | ১০:৪৩

পাকিস্তানের ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশনে শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনার উদ্বোধন এবং বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে। এ উপলক্ষে হাইকমিশনের চান্সারীভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হাইকমিশনের সকল কর্মকর্তা,কর্মচারী ও অন্যান্য অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন হাইকমিশনার ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানের আলোচনা পর্বে হাইকমিশনার তারিক আহসান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার বর্ণাঢ্য উদ্বোধনের সঙ্গে মিল রেখেই ইসলামাবাদস্থ বাংলাদেশ দূতাবাসও ক্ষণগণনার প্রতীকী উদ্বোধন করেছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকে ক্ষণগণনা শুরু করাটি ইসলামাবাদস্থ বাংলাদেশ দূতাবাসের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ; কেননা মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের পর সসম্মানেই ইসলামাবাদ থেকেই বঙ্গবন্ধু স্বদেশের উদ্দেশ্যে রওনা হন। তিনি কামনা করেন, মুজিববর্ষে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে বর্তমান প্রজন্ম বঙ্গবন্ধুর স্বপ্নে দেখা সোনার বাংলাকে বাস্তবে রূপ দিতে আত্মনিয়োগ করবে।

এরপর জাতির পিতা ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা ও স্বদেশ প্রত্যাবর্তনের ওপর ভিত্তি করে নির্মিত একটি প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×