ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

জলধি বুক রিভিউ

শাহেরীন আরাফাতসহ পুরস্কৃত ৫ জন

শাহেরীন আরাফাতসহ পুরস্কৃত ৫ জন
×

বিচারক ও অতিথিদের সঙ্গে পুরস্কার প্রাপ্তরা। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ | ২১:১০

‘জলধি’ আয়োজিত নাসরীন জাহানের কথাসাহিত্য নিয়ে বুক রিভিউ প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে সমকাল সাংবাদিক শাহেরীন আরাফাতসহ ৫ জন পুরষ্কার পেয়েছেন। 

শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্রের ৫০৫ নম্বর হলরুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন জলধির কর্ণধার কবি, সম্পাদক ও প্রকাশক নাহিদা আশরাফী। তিনি বুক রিভিউ নিয়ে দীর্ঘ তিন মাসের এই যাত্রার স্মৃতিচারণ করেন ও এর মূল উদ্দেশ্য সম্পর্কে সকলকে অবহিত করেন। তিনি জানান, এই প্রতিযোগিতার মূল লক্ষ্য পাঠকদের বই পড়ার অভ্যাস বৃদ্ধি ও সমালোচনামূলক চিন্তাশক্তির বিকাশ ঘটানো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও লেখক খালিকুজ্জামান ইলিয়াস। সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক পারভেজ হোসাইন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কথাসাহিত্যিক দিলারা মেসবাহ, সিরাজুল ইসলাম, পারভীন সুলতানা, মনি হায়দার, ইশরাত তানিয়া ও লাবনী মণ্ডল। এ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কবি ও কথাসাহিত্যিক রেজাউল করিম, কবি আশরাফ আহমদ, আলফ্রেড খোকন, মুস্তাফিজ শফি, ফিরোজ আহমেদ বাবু, ফরিদ কবীর, মিলা মাহফুজা, তাহমিনা কোরাইশি, শাহানা শিমু, শামীম আরা, শারমিন সাথী ও ড. শাহিন মনজু। নাসরীন জাহানের কবিতা আবৃত্তি করেন শিরীন বেবী, মাহি ফারহানা ও মাহবুবা হক রুনা। 

এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৫৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে থেকে প্রথম ও দ্বিতীয় দফা বাছাই শেষে বিচারকরা সেরা পাঁচ জনকে নির্বাচন করেন। বিচারকদের মূল্যায়নে প্রথম হয়েছেন সমকালের জ্যেষ্ঠ সহ-সম্পাদক ও সাহিত্য সমালোচক শাহেরীন আরাফাত, দ্বিতীয় হয়েছেন সোহেল মাজহার, তৃতীয় হয়েছেন- ইলিয়াস বাবর, চতুর্থ হয়েছেন জাহাঙ্গীর হোসাইন এবং পঞ্চম স্থান অর্জন করেন নিশীথ ষড়ংগী। উপস্থিত সেরা দুই প্রতিযোগী তাদের অনুভূতি ব্যক্ত করেন।

কথাসাহিত্যিক নাসরীন জাহান এই আয়োজন সম্পর্কে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘আমি অভিভূত! এর চেয়ে আর কিছু ভাষায় বলতে পারছি  না। টানা দুই বছরের একটা শিল্প সাহিত্যহীন হতাশময় জীবনে আজ আমার অদ্ভুত এক বাতাস এল।

কথাসাহিত্যিক সিরাজুল ইসলাম বলেন, ‘জলধির কর্মকাণ্ড সবসময়ই ভিন্নতার দাবি রাখে। তেমনি এই বুক রিভিউ প্রতিযোগিতার আয়োজনটিও অনন্য হয়ে রইলো। জলধি জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা। নাসরীন আপার জন্য শ্রদ্ধা ও ভালোবাসা।’

প্রথম পুরস্কার প্রাপ্ত শাহেরীন আরাফাত তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘প্রকাশনা প্রতিষ্ঠান জলধি এ বছর প্রথমবারের মতো আয়োজন করে বুক রিভিউ প্রতিযোগিতা। এবারের আয়োজন ছিল দেশের অন্যতম কথাসাহিত্যিক নাসরীন জাহানের বই নিয়ে আলোচনা। জলধির এই উদ্যোগ ছিল বিশেষ। কোনো প্রকাশনা প্রতিষ্ঠানের উদ্যোগে কোনো সাহিত্যিকের বই নিয়ে আলোচনার প্রতিযোগিতা এ সময়ে দেখা যায় না। আর এ কৃতিত্বটুকু পুরোপুরি পেতে পারে কথাসাহিত্যিক ও সম্পাদক নাহিদা আশরাফী ও জলধি। একজন কথাশিল্পী তখনই সজীব, প্রাণময় থাকেন; যখন তিনি নতুন চিন্তা, নিরীক্ষার মধ্যে থাকেন। আর এ কারণে নাসরীন জাহানের সাহিত্য আজও মূর্ত বাস্তব– তারুণ্যের বাহক। প্রেমের গল্প হোক বা পরাবাস্তব– তাঁর সাহিত্যকর্মে নিরীক্ষাপ্রিয়তার ছাপ স্পষ্ট। জলধি আমাদের এমন নিত্যনতুন উদ্যোগ উপহার দিক। নাসরীন আপা এভাবেই আমাদের মাঝে সাহিত্যের আলো ছড়িয়ে দিন; এই কামনা রইলো।’

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও অর্থ মূল্য তুলে দেওয়া হয়। জলধির কর্ণধার নাহিদা আশরাফী জানান, আগামী বছর এই প্রতিযোগিতার পরবর্তী আসর আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

×