জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন অনুষ্ঠিত
‘চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে’
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২৬ | ০৮:২৬
| প্রিন্ট সংস্করণ
চলচ্চিত্র শিল্পকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নতুন উচ্চতায় নেওয়া হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। গতকাল শনিবার বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
গতকাল দিনব্যাপী এ সম্মেলনে সারাদেশের বিশ্ববিদ্যালয়, বিভাগ ও জেলা পর্যায়ের (চলচ্চিত্র সংসদ বা ফিল্ম ক্লাব) সংগঠনগুলো অংশ নেয়। এতে সারাদেশের ১১০টি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাজধানীতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সহযোগিতায় প্রতিষ্ঠানটির সেমিনার কক্ষে এ সম্মেলন হয়।
উদ্বোধনী বক্তৃতায় তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত করতে চায় সরকার এবং সেই লক্ষ্যেই চলচ্চিত্রসহ সৃজনশীল খাতকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচনা করছে।
তিনি বলেন, চলচ্চিত্রসহ সৃজনশীল শিল্প সভ্যতার জন্য একটি গুরুত্বপূর্ণ ‘সফট পাওয়ার’ এবং এই শক্তিকে সমৃদ্ধ করার দায়িত্ব শিল্পী, নির্মাতা ও সৃজনশীল ব্যক্তিদের। সরকার চলচ্চিত্র শিল্পের প্রতিটি পর্যায়ে সংশ্লিষ্ট অংশীজনের মতামত ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে চায়। নীতিনির্ধারণে বিশেষজ্ঞদের সঙ্গে কার্যকর সংযোগ ছাড়া উচ্চমানের সৃজনশীল উৎপাদন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
চলচ্চিত্র খাতের সংস্কার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, নবগঠিত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ও জুরি বোর্ডকে চলচ্চিত্র অঙ্গনের সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছে, যা সরকারের জন্য একটি বড় নৈতিক শক্তি। তিনি বলেন, অতীতে এসব বোর্ড গঠন নিয়ে নানা বিতর্ক থাকলেও, এবার কোনো বিতর্ক ছাড়াই সংশ্লিষ্টরা নতুন বোর্ডকে সমর্থন জানিয়েছেন। তথ্যমন্ত্রী আরও জানান, আগামী অর্থবছরের বাজেটে চলচ্চিত্রে অনুদানের পরিমাণ বৃদ্ধির জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি বলেন, একক সিনেমা হলগুলো টিকিয়ে রাখা ও আধুনিকায়নের জন্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
সম্মেলনে চলচ্চিত্র সমালোচক মঈনুদ্দিন খালেদকে আজীবন সম্মাননা পদক দেওয়া হয়। বর্ষসেরা সংগঠন হিসেবে বিএফএফএস পদক ২০২৫ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ক্লাব। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
- বিষয় :
- চলচ্চিত্র
