ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

বকুলতলায় বর্ষাবন্দনার সঙ্গে মানবতার সুর

মঞ্চে ঘনঘটা-২

বকুলতলায় বর্ষাবন্দনার সঙ্গে মানবতার সুর
×

বর্ষা ঋতুর সাংস্কৃতিক সৌন্দর্য উদযাপনের লক্ষ্যে গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আয়োজন করা হয় নৃত্যানুষ্ঠান ‘ঘনঘটা ২’ - মামুনুর রশিদ

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ০৮:১১ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ | ০৮:৫৪

| প্রিন্ট সংস্করণ

আকাশজুড়ে মেঘের ঘনঘটার মাঝেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বসেছিল সুর, ছন্দ আর মানবিকতার মেলবন্ধন। একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার অর্থি আহমেদের উদ্যোগে এবং চারুকলা অনুষদের সহযোগিতায় গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয় বিশেষ নৃত্যানুষ্ঠান ঘনঘটা-২।     

বেলা ১১টায় বকুলতলার মঞ্চে শুরু হয় সুরের আলাপ। এরপর টানা ৯০ মিনিটের অনুষ্ঠানে একে একে পরিবেশিত হয় ১৬টি নাচ। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং বাংলার আবহমান লোকজ ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল এসব কোরিওগ্রাফি।     

‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ গানের তালে একঝাঁক তরুণ শিল্পী মঞ্চে নেচে উঠলে তাতে মেতে ওঠেন উপস্থিত দর্শকরাও। অংশ নেওয়া ৩০০ শিল্পীর মধ্যে ছিলেন তিন বছর বয়সী শিশু থেকে ৭০ বছরের প্রবীণ। খুদে নৃত্যশিল্পীদের অনেকেই প্রথমবারের মতো মঞ্চে উঠেছেন। 

গত বছরের প্রথম ‘ঘনঘটা’ আয়োজনের সাফল্যই এবার আয়োজকদের আরও বড় পরিসরে মঞ্চ সাজাতে অনুপ্রাণিত করেছে। গত সপ্তাহে অনুষ্ঠানের আগে মহড়ার একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে অর্থি আহমেদ অনুরাগীদের উদ্দেশে বলেছিলেন,  ‘এই আয়োজনে ছাতা আনতে মানা, কারণ ভিজব একসঙ্গে।’
গত চার মাস ধরে এই উৎসবের প্রস্তুতি নিচ্ছিলেন শিল্পীরা। কিন্তু বন্যা পরিস্থিতি আয়োজকদের নতুন করে ভাবতে বাধ্য করে। বর্ষাবন্দনার সঙ্গে গভীর মানবিক তাগিদ নিয়ে অনুষ্ঠান থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সহায়তার জন্য তহবিল সংগ্রহ করা হয়।     
অর্থি আহমেদ ড্যান্স একাডেমি থেকে সদস্যরা তহবিল সংগ্রহে অবদান রেখেছেন। অনুষ্ঠানস্থলে জাগো ফাউন্ডেশনের বুথে দর্শনার্থীরাও বন্যার্তদের জন্য মুক্তহস্তে অনুদান দিয়েছেন। নৃত্যশিল্পী অর্থি আহমেদ বলেন, ‘শিল্পী হিসেবে সমাজের প্রতি আমাদের একটি বড় দায়িত্ব রয়েছে। তাই শুধু বর্ষা উদযাপনই নয়, আমরা বন্যাকবলিত দুর্গত মানুষের পাশে দাঁড়ানোরও চেষ্টা করছি।’

আরও পড়ুন

×