‘নয়নজুলি বেগম আকলিমা খাতুন সাহিত্য পদক’ পেলেন আন্দালিব রাশদী
নয়নজুলি বেগম আকলিমা খাতুন সাহিত্য পদক পেয়েছেন কথাসাহিত্যিক আন্দালিব রাশদী। শনিবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয় সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ০৭:৫৬
| প্রিন্ট সংস্করণ
প্রয়াত বেগম আকলিমা খাতুনের স্মৃতি ধারণ করে সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রবর্তিত ‘নয়নজুলি বেগম আকলিমা খাতুন সাহিত্য পদক ২০২৫’ পেয়েছেন কথাসাহিত্যিক আন্দালিব রাশদী। তাঁর ‘কফিনের জানালা’ উপন্যাসের জন্য এই পদক দেওয়া হয়। গতকাল শনিবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
শিল্পী রূপরেখা বানুর পরিবেশনায় উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি শাহজাদী আঞ্জুমান আরা। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সম্মানিত অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। সঞ্চালনা করেন ডা. ফাহমিদা মাহাবুব খান তন্বী।
বিজন কান্তি সরকার বলেন, সমাজে বহু গুণী মানুষের স্মৃতি সময়ের সঙ্গে হারিয়ে যায়। কিন্তু পরিবারের সদস্যদের উদ্যোগেই তাদের স্মরণীয় করে রাখা সম্ভব। তিনি বলেন, নয়নজুলি প্রকাশনার স্বত্বাধিকারী ড. মোহাম্মদ আলী খান তাঁর নানি বেগম আকলিমা খাতুনের স্মৃতিকে ধারণ করে যে সাহিত্য পদক চালু করেছেন, তা প্রশংসনীয় উদ্যোগ। সাহিত্য ও সংস্কৃতির বিকাশে ব্যক্তি উদ্যোগের এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
কানিজ মওলা বলেন, বর্তমানে সংস্কৃতিচর্চা অনেকটাই অনুষ্ঠান ও উৎসবকেন্দ্রিক হয়ে পড়েছে। সংস্কৃতির প্রকৃত চর্চাকে মানুষের জীবনের সঙ্গে যুক্ত করার প্রয়োজন রয়েছে। অনুষ্ঠানে ড. মোহাম্মদ আলী খান ও আন্দালিব রাশদীর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ মাহমুদ হাসান। তিনি বলেন, আন্দালিব রাশদীর লেখার প্রতিটি শব্দ পাঠকের মনোযোগ দাবি করে এবং তাঁর সাহিত্যকর্ম গভীর পাঠের যোগ্য।
মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু হোসেন মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, স্বাধীনতা যুদ্ধের ভয়াবহ সময়েও বেগম আকলিমা খাতুন পরিবারের সদস্যদের সাহস ও প্রেরণা জুগিয়েছিলেন। সম্মাননা গ্রহণ করে কথাসাহিত্যিক আন্দালিব রাশদী বলেন, দীর্ঘ কর্মজীবনে ড. মোহাম্মদ আলী খানকে তিনি সততা, নৈতিকতা ও নিষ্ঠার প্রতীক হিসেবে দেখেছেন। আকলিমা খাতুনের সঙ্গে তাঁরও দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক ছিল। আন্দালিব রাশদী জানান, পদকের সঙ্গে পাওয়া ২৫ হাজার টাকার অর্থ তিনি বেগম আকলিমা খাতুনের স্মরণে অসচ্ছল মেয়েদের লেখাপড়া ও কল্যাণমূলক কাজে ব্যয় করবেন।
সভাপতির বক্তব্যে কবি শাহজাদী আঞ্জুমান আরা বলেন, আন্দালিব রাশদীর লেখার ভাষা, সহজবোধ্যতা এবং সূক্ষ্ম রসবোধ পাঠকদের আকৃষ্ট করে।
- বিষয় :
- সংস্কৃতি