৭ গুণী পেলেন বাংলা একাডেমি ফেলোশিপ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯ | ১০:২৪
বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সাত গুণী ব্যক্তিত্বকে বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ-২০১৯ দেওয়া হয়েছে। ফেলোশিপপ্রাপ্তরা হলেন সৈয়দ আনোয়ার হোসেন (শিক্ষা ও গবেষণা), শেখ মোহাম্মদ শহীদুল্লাহ (প্রকৌশল), জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক (চিকিৎসাসেবা), কুমুদিনী হাজং (সমাজসেবা), কাঙ্গালিনী সুফিয়া (সংগীত), আলী যাকের (সংস্কৃতি) এবং আসাদুজ্জামান নূর (সংস্কৃতি)।
শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত একাডেমির বার্ষিক সভায় সম্মাননাপ্রাপ্তদের হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র ও স্মারক তুলে দেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান এবং মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।
সভায় একাডেমি পরিচালিত পাঁচটি পুরস্কারও দেওয়া হয়। প্রাবন্ধিক-গবেষক ফরহাদ খানকে সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার, কবি মহাদেব সাহাকে মযহারুল ইসলাম কবিতা পুরস্কার, কথাসাহিত্যিক পাপড়ি রহমানকে সা'দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার, অধ্যাপক শিশিরকুমার ভট্টাচার্যকে মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার এবং মোকারম হোসেনকে হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার দেওয়া হয়।
বার্ষিক সভা উপলক্ষে এদিন ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সদস্যদের আনাগোনায় উৎসবমুখর পরিবেশ ছিল একাডেমি প্রাঙ্গণ। সভায় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বাংলা একাডেমি প্রতিষ্ঠার পর থেকে তার সামর্থ্য অনুযায়ী বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণায় কাজ করে যাচ্ছে। এ প্রতিষ্ঠানকে ঘিরে মানুষের প্রত্যাশা বিপুল। আশা করি, আগামী দিনগুলোতে সবার সহযোগিতায় বাংলা একাডেমি তার কার্যক্রম আরও সুচারুরূপে পালন করতে সক্ষম হবে।
হাবীবুল্লাহ সিরাজী বলেন, বাংলা একাডেমি সাম্প্রতিক সময়ে অবকাঠামোগত উন্নয়ন এবং গবেষণা খাতে নতুন নতুন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, পরিচালক ডা. কে এম মুজাহিদুল ইসলাম, উপপরিচালক নূরুন্নাহার খানম প্রমুখ সভায় বক্তব্য দেন।
শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার পরিচালনায় 'সুরের ধারা'র শিল্পীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। সাধারণ পরিষদের বার্ষিক সভা উপলক্ষে বাংলা একাডেমির বর্ধমান হাউসে নবনির্মিত বাংলা একাডেমি লোকঐতিহ্য জাদুঘর জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
- বিষয় :
- বাংলা একাডেমি
