শীতের আগে বাগানের প্রস্তুতি
শৈলী ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ | ০৬:২২
| প্রিন্ট সংস্করণ
আজকাল অনেকেই ছাদে, বারান্দায় বাগান করতে পছন্দ করেন। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাগানের আলাদাভাবে প্রস্তুতি-যত্নের প্রয়োজন পড়ে। সামনে শীত আসছে। শীত মানেই প্রকৃতির নতুন রূপ। হালকা রোদ, শিশিরভেজা সকাল আর রঙিন ফুলের সমারোহ। সব মিলিয়ে শীতের বাগান মানেই অন্যরকম সৌন্দর্য। যারা শীতে নতুন নতুন গাছ লাগানোর কথা চিন্তা করছেন এখন থেকেই নিতে হবে প্রস্তুতি। তাহলে আপনার শখের বাগান হয়ে উঠবে প্রাণবন্ত ও রঙিন।
মাটি তৈরি
মাটি ভালোভাবে প্রস্তুত না হলে কোনো গাছই ভালোভাবে বেড়ে উঠতে পারে না। এ কারণে পুরোনো আগাছা ও শুকনো পাতা সরিয়ে মাটি ভালোভাবে কুপিয়ে নিন। তারপর জৈব সার মিশিয়ে অন্তত এক সপ্তাহ রাখুন। এতে মাটি যেমন উর্বর হবে, তেমনি গাছের চারাও দ্রুত বাড়বে। নতুন করে চারা লাগানোর জন্য মাটি তৈরি করতে চাইলে ৫০ শতাংশ দোআঁশ মাটি, ৩০ শতাংশ কম্পোস্ট ও ২০ শতাংশ কোকো পিটের মিশ্রণে মাটি প্রস্তুত করতে পারেন।
যেসব গাছ লাগাতে পারেন
অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময় গাছ লাগানোর জন্য উপযুক্ত সময়। যারা ছাদে কিংবা ব্যালকনির টবে ফুলের সমারোহ দেখতে চান তারা লাগাতে পারেন গোলাপ, গাঁদা, চন্দ্রমল্লিকা, জিনিয়া, ডালিয়া, সূর্যমুখী, পিটুনিয়া, ডায়ান্থাস, দোপাটি, জারবেরার মতো রঙিন সব ফুলের গাছ। এসবের চারা এখনই রোপণ করতে হবে। এ সময় বীজ বপন করলে নভেম্বরের শেষ থেকে ফুল পাওয়া যায়। যারা সবজি লাগাতে চান তারা বেছে নিতে পারেন টমেটো, শিম, লেটুস, বাঁধাকপি, ফুলকপি, মুলার মতো শীতকালীন জনপ্রিয় সব সবজির গাছ। শাকের মধ্যে লাগাতে পারেন লালশাক, পালংশাক, কলমিশাক।
পানি ও সূর্যের আলো
শীতে গাছে পানির প্রয়োজন তুলনামূলক কম হয়। প্রতিদিন গাছে পানি না দিয়ে মাটির আর্দ্রতা দেখে পানি দিন। সকালের রোদ গাছের জন্য খুবই উপকারী। এ কারণে গাছগুলো এমন স্থানে রাখুন যাতে সূর্যের আলো লাগে। রাতে কুয়াশা থেকে গাছ বাঁচাতে হালকা ছাউনি বা পলিথিন ব্যবহার করতে পারেন।
পোকামাকড় নিয়ন্ত্রণ
গাছের বড় শত্রু পোকামাকড়। শীত আসতেই পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায়। পোকামাকড় থেকে গাছ বাঁচাতে ঘরোয়া সমাধান যেমন নিম পাতা বাটা পানি বা সাবান পানি ছিটিয়ে গাছ সুরক্ষিত রাখার চেষ্টা করুন।
- বিষয় :
- ফুলচাষি
