ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ত্বকের যত্নে ফুল

ত্বকের যত্নে ফুল
×

ফাতেমা তুজ জোহরা

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:০০

| প্রিন্ট সংস্করণ

বসন্ত রূপচর্চায় নতুনত্ব আনার এক অনন্য সময়। প্রাচীনকাল থেকেই নারীর রূপচর্চায় ফুলের ব্যবহার ছিল। রাসায়নিক প্রসাধনী আসার অনেক আগেই নারী ফুল, ফল ও ভেষজ উপাদানের মাধ্যমে নিজের ত্বক ও চুলের যত্ন নিতেন। বসন্তের ফুলে রয়েছে প্রাকৃতিক ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও সুগন্ধি উপাদান; যা ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে তোলে। পাশাপাশি ফুলের সুবাস মনকে প্রশান্ত করে, মানসিক চাপ কমায়। বসন্তের নানা ধরনের ফুলের মধ্যে কয়েকটি ফুল ত্বকের যত্নে বিশেষ উল্লেখযোগ্য যেমন–গোলাপ, গাঁদা, জুঁই, শিমুল, পলাশ ইত্যাদি।  

গোলাপ
গোলাপ বসন্তের রূপচর্চায় সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় ফুল। গোলাপজল ত্বক পরিষ্কার রাখতে, লোমকূপ সংকুচিত করতে এবং ত্বকের ক্লান্তি দূর করতে অত্যন্ত কার্যকর। সারাদিন রোদে থাকার পর মুখে গোলাপজল ব্যবহার করলে ত্বক তাৎক্ষণিক প্রশান্তি পায়। গোলাপের পাপড়ি দিয়ে তৈরি ফেসপ্যাক ত্বকের শুষ্কতা কমিয়ে মুখে আনে স্বাভাবিক উজ্জ্বলতা। 

জুঁই
জুঁই ফুল শুধু তার সুবাসের জন্যই নয়, চুল ও ত্বকের যত্নেও বিশেষভাবে উপকারী। জুঁই ফুলের নির্যাস বা তেল মাথার ত্বকে ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হয়। চুল পড়া কমে। 

গাঁদা
গাঁদা ফুল ত্বকের জন্য প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে। এতে থাকা অ্যান্টিসেপটিক উপাদান ব্রণ, ফুসকুড়ি ও ত্বকের দাগ-ছোপ কমাতে সহায়তা করে। বসন্তকালে ত্বক অনেক সময় তেলতেলে হয়ে ওঠে। এ ক্ষেত্রে গাঁদা ফুলের পেস্ট ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে ত্বককে রাখে সতেজ ও পরিষ্কার। গাঁদা ফুলকে স্ক্র্যাব, ফেসওয়াশ কিংবা ফেসপ্যাক হিসেবে ব্যবহার করা যায়। টক দই, গোলাপজল এবং লেবুর রসের সঙ্গে গাঁদা ফুলের পাপড়ি মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করলে ত্বকের দাগ-ছোপ দূর হয়।
পলাশ ও শিমুল ফুল
লোকজ রূপচর্চায় এ দুটি ফুল বিশেষভাবে পরিচিত। শুষ্ক ও নিষ্প্রাণ ত্বকে এই ফুলের নির্যাস ব্যবহার করলে ত্বক ধীরে ধীরে প্রাণ ফিরে পায়। 
নয়নতারা
বারান্দায় ফোটা নয়নতারা দিয়ে ত্বকের যত্ন নিতে পারেন। নয়নতারার বেশ কয়েকটি পাপড়ি পানি দিয়ে ফুটিয়ে নিন। চার-পাঁচ মিনিট সেদ্ধ করে সেই পানি ঠান্ডা করুন। যে কোনো প্যাক তৈরিতে এ পানি ব্যবহার করতে পারেন। 

সতর্কতা 
সব ধরনের ফুল সবার ত্বকের জন্য উপযোগী নাও হতে পারে। তাই ব্যবহারের আগে পরীক্ষা করে নেওয়া উচিত। এ প্রসঙ্গে রূপবিশেষজ্ঞ শোভন সাহা বলেন, ‘পরিষ্কার, কীটনাশকমুক্ত ও তাজা ফুল ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। প্যাক তৈরির আগে ফুল ভালো করে ধুয়ে নেওয়া উচিত। ফুল কখনোই সরাসরি ত্বকে ব্যবহার করা ঠিক নয়। অবশ্যই অন্য কোনো উপাদানের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হবে।’ এ ছাড়া ফুলের তৈরি প্যাক তাজা অবস্থায় ব্যবহার করতে হবে। কারণ এটা বেশি সময় সংরক্ষণ করলে এতে ছত্রাক জন্ম দিতে পারে; যা ত্বকের জন্য ক্ষতিকর। 
ছবি: মঞ্জু আলম

আরও পড়ুন

×