এ সময়ে যেমন জুতা
রোজী আরেফিন
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ০৭:৪০
| প্রিন্ট সংস্করণ
পঞ্জিকার পাতায় শরৎ আসতে দেরি নেই। যদিও প্রকৃতিতে বর্ষার আমেজ আছে এখনও। কখনও বৃষ্টি, কখনও আবার ভ্যাপসা গরম। এ সময় পোশাকের পাশাপাশি জুতা নির্বাচনেও বাড়তি সচেতনতা প্রয়োজন। ভুল জুতা যেমন হাঁটাচলায় অস্বস্তি তৈরি করে, তেমনি দীর্ঘ সময় ভেজা জুতা ব্যবহার করলে পায়ে দুর্গন্ধ, ছত্রাক ও ত্বকের নানা সমস্যাও দেখা দিতে পারে। তাই বর্ষার জন্য এমন জুতা বেছে নেওয়া উচিত; যা আরামদায়ক, সহজে পরিষ্কার করা যায়, দ্রুত শুকায় এবং ভেজা রাস্তায় ভালো গ্রিপ দেয়।
বাজারে এখন বৃষ্টি উপযোগী নানা ধরনের জুতা পাওয়া যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো রাবারের স্যান্ডেল ও ওয়াটার-ফ্রেন্ডলি স্যান্ডেল। এগুলো পানি শোষণ করে না, সহজে ধুয়ে ফেলা যায় এবং দ্রুত শুকিয়ে যায়। নিয়মিত ব্যবহার বা ছোটখাটো বাইরে যাওয়ার জন্য এগুলো বেশ উপযোগী।
এ ছাড়া বর্তমানে স্নিকার ফ্যাশনের অন্যতম জনপ্রিয় জুতা। অনেক দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ড এখন মেশ, নিট বা দ্রুত শুকানো উপকরণ দিয়ে তৈরি হালকা স্নিকার বাজারে আনছে। অফিস, বিশ্ববিদ্যালয় কিংবা দৈনন্দিন শহুরে চলাফেরার জন্য এগুলো ভালো বিকল্প। তবে টানা ভারী বৃষ্টিতে কাপড়ের স্নিকার ব্যবহার না করাই ভালো। ভিজে গেলে যত দ্রুত সম্ভব শুকিয়ে নিতে হবে।
যারা অফিসে ফরমাল পোশাক পরেন, তাদের জন্য রয়েছে ওয়াটার-রেজিস্ট্যান্ট লোফার, রাবার সোলযুক্ত ফরমাল শু এবং সিনথেটিক উপকরণের তৈরি ফরমাল জুতা। অন্যদিকে ভ্রমণপ্রিয় বা দীর্ঘ সময় বাইরে থাকা মানুষের জন্য ক্লগ, স্লিপ-অন কিংবা ক্রস-স্ট্র্যাপ স্যান্ডেলও ভালো বিকল্প হতে পারে। এসব জুতা আরামদায়ক হওয়ার পাশাপাশি সব পরিবেশে ব্যবহার উপযোগী।
বর্ষায় জুতা নির্বাচনের ক্ষেত্রে উপকরণের দিকেও নজর দেওয়া জরুরি। রাবার, পিভিসি বা অন্যান্য জলরোধী উপকরণের জুতা তুলনামূলক বেশি টেকসই। অন্যদিকে সোয়েড বা চামড়ার জুতা নিয়মিত বৃষ্টিতে ব্যবহার না করাই ভালো। কারণ এগুলো ভিজে গেলে সহজে নষ্ট হতে পারে।
কার জন্য কেমন জুতা?
বৃষ্টির দিনগুলোতে জুতা নির্বাচনের ক্ষেত্রে বয়স ও দৈনন্দিন প্রয়োজন বিবেচনা করা জরুরি। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের জন্য হালকা, আরামদায়ক এবং অ্যান্টি-স্লিপ সোলযুক্ত কালো স্নিকার বা ওয়াটার-রেজিস্ট্যান্ট স্কুল শু ভালো বিকল্প। দীর্ঘ সময় ক্যাম্পাসে থাকতে হলে সঙ্গে অতিরিক্ত এক জোড়া মোজা রাখলে সুবিধা হয়।
অফিসগামীদের জন্য পোশাকের সঙ্গে মানানসই ওয়াটার-রেজিস্ট্যান্ট লোফার, হালকা স্নিকার বা রাবার সোলযুক্ত ফরমাল জুতা ব্যবহার করা যেতে পারে। যাদের প্রতিদিন গণপরিবহনে চলাচল করতে হয় বা হেঁটে অফিসে যেতে হয়, তাদের জন্য ভালো গ্রিপযুক্ত জুতা বেশি নিরাপদ। যাদের কাজের প্রয়োজনে নিয়মিত বাইরে থাকতে হয়, তারা সহজে পরিষ্কার করা যায় এবং দ্রুত শুকিয়ে যায় এমন স্যান্ডেল বা ওয়াটার-ফ্রেন্ডলি জুতা বেছে নিতে পারেন।
জুতা কেনার সময় শুধু নকশা নয়, আরাম ও নিরাপত্তাকেও গুরুত্ব দিতে হবে। জুতার সোল যেন পিছলে না যায়, সেটি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে জুতা খুব আঁটোসাঁটো বা অতিরিক্ত ঢিলেঢালা হলে দীর্ঘ সময় ব্যবহারে অস্বস্তি হতে পারে। তাই কেনার আগে-পরে দেখে নেওয়াই ভালো।
বৃষ্টির দিনগুলো আরামদায়ক করতে ফ্যাশন ব্র্যান্ড বাটা নিয়ে এসেছে নতুন ‘ফ্লোয়েটজ কালেকশন’। হালকা, আরামদায়ক ও পানি-উপযোগী এই সংগ্রহে রয়েছে পুরুষ, নারী ও শিশুদের জন্য নানা রঙের আকর্ষণীয় ডিজাইন। অত্যন্ত হালকা, অ্যান্টি-স্কিড বৈশিষ্ট্যে এসব জুতা বৃষ্টি-কাদায় পথচলা যেমন স্বাচ্ছন্দ্যময় করে, তেমনি দেখতেও স্টাইলিশ।
এবারের বর্ষা মৌসুমে অ্যাপেক্সের সংগ্রহে রয়েছে নারীর জন্য রঙিন ইভিএ ও পিভিএ স্যান্ডেল, জেলি স্যান্ডেল, স্লাইড এবং প্ল্যাটফর্ম ডিজাইন। পুরুষের জন্য রয়েছে হালকা ওজনের স্যান্ডেল, ক্যাজুয়াল স্লিপ-অন এবং অ্যান্টি-স্লিপ সোলযুক্ত মডেল। ভেন্টুরিনি, মাভেরিক, স্প্রিন্ট ও মুচির মতো সাব-ব্র্যান্ডেও নতুন ডিজাইন পাওয়া যাচ্ছে।
তরুণদের কথা মাথায় রেখে বে এনেছে জেলি স্যান্ডেল, প্ল্যাটফর্ম স্যান্ডেল, ক্রস-স্ট্র্যাপ স্যান্ডেল ও ফ্যাশনেবল স্লাইড। বেইজ, অলিভ, প্যাস্টেল, ল্যাভেন্ডার ও ব্লাশ পিঙ্কের মতো নরম রঙের পাশাপাশি কালো ও নেভিও রয়েছে সংগ্রহে।
যারা বর্ষাতেও হাঁটাহাঁটি বা ভ্রমণ করেন, তাদের জন্য লোটোর স্পোর্টস স্যান্ডেল ও কুইক-ড্রাই উপাদানের আউটডোর মডেল ভালো বিকল্প হতে পারে। শক্ত গ্রিপের আউটসোল এবং কুশনযুক্ত ফুটবেড ভেজা রাস্তায় বাড়তি নিরাপত্তা দেয়।
বর্তমানে বাজারে বৃষ্টির দিনে পরার উপযোগী বিভিন্ন বাজেটের জুতা পাওয়া যাচ্ছে। সাধারণ রাবারের স্যান্ডেলের দাম ৪০০ থেকে এক হাজার টাকার মধ্যে। ভালো মানের ওয়াটার-ফ্রেন্ডলি স্যান্ডেলের দাম এক হাজার ২০০ থেকে দুই হাজার ৫০০ টাকা পর্যন্ত হতে পারে। হালকা ও দ্রুত শুকানো স্নিকারের দাম সাধারণত এক হাজার ৫০০ থেকে চার হাজার টাকার মধ্যে। ওয়াটার-রেজিস্ট্যান্ট লোফার বা ফরমাল জুতার দাম দুই হাজার থেকে শুরু হয়ে ব্র্যান্ডভেদে পাঁচ হাজার টাকা বা তারও বেশি হতে পারে। দেশীয় ব্র্যান্ডগুলোয় তুলনামূলক কম দামে ভালো মানের জুতা পাওয়া যায় আর আন্তর্জাতিক ব্র্যান্ডের দাম কিছুটা বেশি।
- বিষয় :
- জুতা