বরিশাল বিশ্ববিদ্যালয় সুহৃদ উদ্যোগ
মাসব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা
প্রতিযোগিতা
নূর ইসলাম নিয়ন
প্রকাশ: ১২ মে ২০২৬ | ০৬:৫৩
| প্রিন্ট সংস্করণ
সমকাল সুহৃদ সমাবেশ বরিশাল ইউনিটের আয়োজনে মাসব্যাপী ‘শব্দে নৈতিকতা’বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সুহৃদ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ প্রতিযোগিতা উন্মুক্ত ছিল। অনলাইনভিত্তিক এ প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
চারটি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো–চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, ভিডিওবার্তা ও প্রবন্ধ। প্রতিটি বিভাগে একজন করে সেরা প্রতিযোগী নির্বাচন করে পুরস্কৃত করা হয়েছে।
ভিডিওবার্তা বিভাগে সেরা প্রতিযোগী নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আবু সাঈদ। চিত্রাঙ্কন বিভাগে সেরা হয়েছেন একই সেশন ও বিভাগের শিক্ষার্থী রুবাইদ ইবনে অলীদ। আবু সাঈদ কবিতা আবৃত্তি বিভাগে সেরা প্রতিযোগী হয়েছেন এবং প্রবন্ধ রচনায় সেরা হন হিসাববিজ্ঞান ও অর্থ ব্যবস্থাপনা বিভাগের ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী রওশন রায় দুর্জয়। এ ছাড়া অংশগ্রহণকারীদের শুভেচ্ছা বিনিময় সভা ও অভিনন্দন জানান সুহৃদরা।
বরিশাল বিশ্ববিদ্যালয় সুহৃদের উপদেষ্টা ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক প্রজ্ঞা পারমিতা বোস বলেন, সুহৃদ সমাবেশ বরাবরই শিক্ষার্থীদের সৃজনশীলতা, সহিত্যচর্চা ও সামাজিক কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় শব্দের নৈতিকতা নামক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তারা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও শুদ্ধ শব্দ উচ্চারণের ওপর গুরুত্ব দিয়ে যে প্রতিযোগিতা করেছে, তা সমাজের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। আমি মনে করি, ভবিষ্যতে সমকাল সুহৃদ এমন ইতিবাচক আয়োজন অব্যাহত রাখবে। আমি এই কার্যক্রমের সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দুর্জয় বলেন, সৃজনশীলতা সাংস্কৃতিক চর্চাকে কেন্দ্র করে এমন প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ে খুব কম আয়োজন করা হয়। সেখানে সমকাল সুহৃদ সমাবেশের এমন একটি আয়োজন আমাদের উদ্বুদ্ধ করে। এ রকম একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমরা খুবই আনন্দিত।
সমকাল সুহৃদ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা শিমু কর্মসূচি বিষয়ে বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করতে আমরা এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছি; যেখানে শিক্ষার্থীদের সৃজনশীলতার প্রতিফলন ঘটেছে। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী ছিলেন অনেক শিক্ষার্থী। বাছাই করে মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। v
সভাপতি, সুহৃদ সমাবেশ, বরিশাল বিশ্ববিদ্যালয়
- বিষয় :
- প্রতিযোগিতা
