বাবলুর ভাইরাল জ্বালা
ফারুক হোসেন সজীব
প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ০৭:১৭
| প্রিন্ট সংস্করণ
আমাদের গ্রামের বাবলুর জীবনে একটাই লক্ষ্য ছিল– কটকের তারকা হওয়া। সে বিশ্বাস করত, পৃথিবী তার প্রতিভা এখনও আবিষ্কার করতে পারেনি। সকালে ঘুম থেকে উঠেই সে আয়নার সামনে দাঁড়িয়ে নানা রকম মুখভঙ্গি অনুশীলন করত। কখনও দুঃখী নায়ক, কখনও রাগী নায়ক, কখনও আবার প্রেমিক নায়ক। তার মা প্রায়ই বলতেন, ‘তুই কি মানুষ হবি নারে?’ বাবলু ঘোষণা দিল–‘আর মাত্র এক মাস! তারপর আমি ভাইরাল হব রে মা! তুই দেখে নিস!’ বাবলু খুবই সিরিয়াস। প্রথম ভিডিওতে সে কালো চশমা পরে মাঠের মধ্যে ধীরে ধীরে হাঁটল। পেছনে দুঃখের গান।
ভিডিও আপলোড করার পর সে প্রতি দুই মিনিট পরপর ফোন দেখতে লাগল। এক ঘণ্টা পরে দেখা গেল তিনটা লাইক। একটা তার নিজের, একটা ছোট ভাইয়ের, আরেকটা সম্ভবত ভুলবশত কেউ দিয়েছে। বাবলু হাল ছাড়ল না। পরদিন মাথায় গামলা নিয়ে নাচের ভিডিও বানাল। ফলাফল আরও খারাপ। তখন সে সিদ্ধান্ত নিল, বড় কিছু করতে হবে। এক বিকেলে পুকুরপাড়ে গিয়ে সিনেমার নায়কদের মতো দৌড়ানোর ভিডিও বানাতে লাগল। কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে গিয়ে সামনে বাঁধা গরুটার সঙ্গে ধাক্কা খেল! গরুটা গুঁতো দেওয়ার পরিবর্তে দৌড় দিল। বাবলুও প্রাণ বাঁচাতে দৌড় দিল। পুরো ঘটনা ভিডিওতে রেকর্ড হয়ে গেল। অবিশ্বাস্যভাবে ভিডিওটি ভাইরাল হয়ে গেল। বাবলু আনন্দে আত্মহারা। কিন্তু কমেন্টগুলো পড়ে তার মুখ শুকিয়ে গেল। কেউ লিখেছে, গরুর অভিনয় অসাধারণ! আরেকজন লিখেছে, গরুর ফ্যান ক্লাব খুলুন! একজন আবার লিখেছে, বাবলু কে? আমি তো শুধু গরুকেই দেখেছি! এরপর বাবলু লাইভে এসে ভক্তদের উদ্দেশে বক্তব্য দিতে শুরু করল। ঠিক তখনই তার মা ঘরে ঢুকে বললেন, ‘কিরে গ্যাদা! সক্কাল থেকে বলছি–আলু কিনে আন! কোনো কথাই তোর কানে যায় না! তুমি এমন করিস ক্যান রে গ্যাদা! আলু কই?’ বাবলু ক্যামেরা বন্ধ করতে ভুলে যাওয়ায় সবাই লাইভটা দেখে ফেলল। পরদিন থেকে গ্রামের লোকেরা তাকে দেখলেই জিজ্ঞেস করে, ‘আলু কই? আলু কই রে গ্যাদা?’ তারপর থেকে বাবলু আস্তে আস্তে সত্যি ভাইরাল হয়ে গেল! তবে টিকটক তারকা হিসেবে নয়; সবাই তাকে চেনে গরু-আলু বেক্কেল হিসেবে! এসব শুনে শুনে বাবলু মাঝে মাঝে খুব কষ্ট পায়। তার চোখে জল চলে আসে! চিৎকার করে তার বলতে
ইচ্ছে করে–‘ভাই রে ভাই! তোরা কেউ টিকটক করিস না! টিকটকের মধ্যে কিচ্ছু নাই!
আছে শুধু জ্বালা! একবুক জ্বালা! তোরা সবাই আগুন জ্বালা!’
সুহৃদ, সিরাজগঞ্জ
- বিষয় :
- সুহৃদ সমাবেশ
