চাচার অদ্ভুত অসুখ
চিত্রকর্ম:: শেখ শাহাদ
এম.এ.আর. তালহা
প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ০৭:১৮
| প্রিন্ট সংস্করণ
এলাকার সবাই একদিন খবর পেল, করিম চাচা নাকি খুব অসুস্থ। খবর শুনে লোকজন ছুটে গেল তাঁর বাড়িতে। কেউ ভাবল হার্টের সমস্যা, কেউ ভাবল ডায়াবেটিস বেড়েছে। গিয়ে দেখা গেল, চাচা দিব্যি সুস্থ। উঠানে বসে আম খাচ্ছেন আর মোবাইল টিপছেন। আমি জিজ্ঞেস করলাম, চাচা, কী হয়েছে? চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বড় কঠিন রোগ বাবা!
–কী রোগ?
–মোবাইল রোগ।
আমরা অবাক হয়ে তাঁর দিকে তাকিয়ে রইলাম।
–আগে সকালে উঠে মুরগিকে খাবার দিতাম, এখন আগে মোবাইল চার্জ দিই আর দেখি ফেসবুক। আগে মানুষকে সালাম দিতাম, এখন লাইক দিই। কথা শুনে সবাই হেসে উঠল।
চাচা আবার বললেন, গতকাল ঘুম থেকে উঠে স্ত্রীকে বলেছি, ‘গুড মর্নিং’। রাগ করে বললেন, ‘আমাকে মানুষ মনে হচ্ছে, না ফেসবুক পোস্ট?’
হাসির রোল পড়ে গেল চারদিকে।
চাচা থামলেন না।
–সেদিন বাজারে গেছি। মাছওয়ালাকে বললাম, ভাই, ইলিশটা একটু জুম করে দেখান তো!
এবার সবাই পেট ধরে হাসতে লাগল।
–হাসো, হাসো। কিন্তু তোমাদের অবস্থাও আমার মতো। এখন মানুষ খেতে বসে খাবারের চেয়ে ছবির দিকে বেশি নজর দেয়। বেড়াতে গিয়ে প্রকৃতি দেখে না, দেখে ক্যামেরা ঠিকমতো ধরেছে কিনা।
একটু থেমে তিনি বললেন, তাই সিদ্ধান্ত নিয়েছি, প্রতিদিন এক ঘণ্টা মোবাইল বন্ধ রাখব।
আমরা সবাই তাঁর প্রশংসা করলাম।
পরদিন সকালে দেখি চাচা খুব চিন্তিত।
–কী হয়েছে চাচা?
তিনি বললেন, মোবাইল বন্ধ রেখেছিলাম ঠিকই, কিন্তু সেই এক ঘণ্টা আমি বারবার মোবাইলটা চালু আছে কিনা দেখতে গিয়েছি!
আমরা হাসছিলাম। চাচা পকেট থেকে মোবাইল বের করে বললেন, আচ্ছা, এতক্ষণ আমার রোগের কথা শুনলে। এখন কেউ বলো তো, আমার পোস্টে মাত্র তিনটা লাইক কেন?
চাচার আকুতি শুনে মন্টু বলল, ‘চাচা, আপনি তো পোস্টে অসুস্থতার খবর দিছেন! মানুষ কি এ খবরে লাইক দেয়?’
চাচা চোখ কপালে তুলে বললেন, ‘দিবে না কেন? ফেসবুকের ওই বুড়ো আঙুল মার্কা লাইকের মানে তো আমি জানি–‘বেঁচে আছিস জেনে ভালো লাগল!’ তা তোরা যে এতক্ষণ আমার দুঃখের কথা শুনলি, একটা লাইকও দিলি না? ডিজিটাল যুগে এই কি তোদের মানবতা?’
হেসে বললাম, ‘চাচা, আমরা তো আপনাকে সামনাসামনি লাইক দিচ্ছি।’
–ওতে নোটিফিকেশন আসে না। তুই বরং এখনই একটা ‘কেয়ার’ রিঅ্যাক্ট দে। আর কমেন্টে একটু লিখে দিস–করিম চাচা ইজ ফিলিং সিক উইথ টোয়েন্টি আদার্স। তাহলে যদি অলসগুলো একটু লাইক-কমেন্ট করতে আসে!’
চাচার এই ‘ডিজিটাল প্রেসক্রিপশন’ শুনে হাসির রোল যেন আরও দ্বিগুণ হয়ে গেল।
সুহৃদ, ঢাকা
- বিষয় :
- সুহৃদ সমাবেশ
