দক্ষতা উন্নয়নে নিয়মিত চর্চা জরুরি
ফরিদপুর সমকাল কার্যালয়ে চলছে দক্ষতা উন্নয়ন কর্মশালার পাঠ
হারুনার রশিদ
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ০৭:৩০
| প্রিন্ট সংস্করণ
ইংরেজি কেবল একটি ভাষা নয়; এটি শিক্ষা, জ্ঞান, প্রযুক্তি, কর্মসংস্থান ও আন্তর্জাতিক যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রযুক্তির কল্যাণে পৃথিবী আজ একটি বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে। এ বিশ্বব্যবস্থায় নিজেকে যোগ্য করে তুলতে মাতৃভাষার পাশাপাশি ইংরেজিতে যোগাযোগের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের বিপুলসংখ্যক তরুণ-তরুণী শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন। তাদের অনেকেরই প্রাতিষ্ঠানিক যোগ্যতা থাকা সত্ত্বেও ইংরেজিতে কথা বলার জড়তা ও আত্মবিশ্বাসের অভাবে কাঙ্ক্ষিত সুযোগ কাজে লাগানো সম্ভব হয় না। প্রায় প্রতিটি ক্ষেত্রেই ইংরেজিতে দক্ষতার বাড়তি সুফল রয়েছে। এই বাস্তবতা বিবেচনায় সমকাল সুহৃদ সমাবেশ, ফরিদপুর জেলা শাখা তরুণদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একটি বিনামূল্যের স্পোকেন ইংলিশ কোর্স চালু করেছে। সমকাল ফরিদপুর কার্যালয়ে অনুষ্ঠিত তিন মাস মেয়াদি এই কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. ইকবাল হোসেন। সপ্তাহে তিন দিন (শনি, সোম ও বুধবার) বিকেলে কোর্সের ক্লাসগুলো অনুষ্ঠিত হয়। সম্প্রতি কোর্সটির প্রথম ব্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র দেওয়া হবে।
উদ্যোগের একটি উল্লেখযোগ্য দিক হলো– এখানে অংশগ্রহণের সুযোগ শুধু শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়নি। ছাত্রছাত্রীদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষের জন্যও এটি উন্মুক্ত। অর্থনৈতিক অসচ্ছলতা বা সুযোগের অভাবে কেউ যেন ইংরেজি চর্চা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই কোর্সটি বিনামূল্যে পরিচালনা করা হচ্ছে।
ভাষা শেখার সবচেয়ে বড় উপায় হলো এর ব্যবহারিক চর্চা। শুধু ব্যাকরণ মুখস্থ কিংবা বই পড়ে ইংরেজি শেখা যায় না; বরং নিয়মিত কথা বলা, শোনা এবং ভুলের মাধ্যমে শেখার মধ্য দিয়েই সাবলীলতা আসে। অংশগ্রহণকারীদের সেই জড়তা কাটিয়ে আত্মবিশ্বাসী করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
দক্ষতা উন্নয়নের দায়বদ্ধতা কেবল সরকারি প্রতিষ্ঠান বা শিক্ষাপ্রতিষ্ঠানের একার নয়; সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকেও এ ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। এ উদ্যোগ মূলত সেই সামাজিক দায়বদ্ধতারই অংশ। আজকের একজন আত্মবিশ্বাসী তরুণই আগামী দিনের দক্ষ পেশাজীবী, সফল উদ্যোক্তা কিংবা বিশ্বনাগরিক হয়ে উঠতে পারেন। দক্ষতা হোক অঙ্গীকার, ইংরেজি হোক বিশ্বদুয়ারে পৌঁছানোর সেতু।
সভাপতি, সুহৃদ সমাবেশ, ফরিদপুর
- বিষয় :
- সুহৃদ সমাবেশ