ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

শিশিরেরা জেগে ওঠে

শিশিরেরা জেগে ওঠে
×

অলংকরণ:: বোরহান আজাদ

সমকাল ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪৩

| প্রিন্ট সংস্করণ

ঊর্ধ্বগতি
কাজল নিশি 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
স্বস্তিতে নেই দেশ,
চারিদিকে করছে বিরাজ
কেমন পরিবেশ!

জিনিসপত্রের ভীষণ দাম
কেনা বড়ো দায়,
মাছ-মাংসের দাম শুনলে
মাথা ঘুরে যায়!

​সব বাজারে অস্থিরতা
কূলকিনারা নাই,
আয়ের চেয়ে ব্যয় ভারী
সমাধান কোথা পাই?
 

 

স্টেশনে এখন অন্ধকার 
জাহিদ হাসান জনি

মহাকাল ধরে বয়ে গেছে কত ট্রেন– 
সহস্র যাত্রী, এখানে থেমে খুঁজে গেছে 
দীর্ঘ আলোর পথ!
এখানে ভীষণ চঞ্চল সময়!

জেগে জেগে স্টেশনের ক্লান্ত প্রাণ
আসে না অন্ধকার; সুখ! সে তো অসহ্য! 
অতঃপর; মহাকালের পথে দীর্ঘঘুম!
স্টেশনে এখন ভীষণ অন্ধকার! 

 

শিশিরের আহ্বান
রানা চৌধুরী

নদীচরে জেগে ওঠে বালুময় কূল
ভাদরে চাদর ঢাকে সাদা কাশফুল।
ওপরে নীলাম্বরী তুলো মেঘ ওড়ে
বায়ু বয় চারিদিক কী যে ফুরফুরে।
ঐ দূরে পাল তোলে মাঝি বায় তরি
রাখালের বাঁশি শুনে প্রাণ ওঠে ভরি।
কামিনী, বকুল, জবা, শেফালীরা হাসে
ভোরবেলা শিশিরেরা জেগে ওঠে ঘাসে।
তাল পাকে গাছে গাছে রসে হয় পিঠা
বাতাবি লেবু পাকে আমড়া যে মিঠা।
লেজ নেড়ে খঞ্জনা গুঞ্জরি বলে
চেয়ে দেখো ঋতুরাণী এসেছে যে চলে। 
 

 

অদৃশ্য স্বরলিপি
জহিরুল হক বিদ্যুৎ

খুব কাছে এলেও দূরত্ব বাড়ে,
আর দূরত্ব বাড়লে টান পড়ে অদৃশ্য সুতোয়।
যেখানে দুটি নদী মিশে যাওয়ার পরেও
চেনে না একে অপরের জলের উৎস।
অথচ কি এক অজানা সৌরভের উন্মাদনা
পূর্ণতার মোহ মায়ায় বিভ্রান্ত করে।
সব মেঘ কি আর বৃষ্টি হয়ে নামতে জানে?
কিছু মেঘ শুধু জমে থাকে বুকের ভেতর,
যা থেকে যায় আজীবন
অদৃশ্য, অচেনা, আর বড্ড বেশি একা।
মৃত্যু হলো জীবনের দীর্ঘ বিরতির কোলাহল
যখন জীর্ণ দেহ খসে পড়ে,
তখন আত্মা হয়ে ওঠে মুক্ত বিহঙ্গ–
যে আর কোনো সীমানায় আটকে থাকে না,
বরং মহাশূন্যের অন্তহীন ক্যানভাসে
এঁকে যায় তার নিজস্ব অদৃশ্য স্বরলিপি।

 

দূরত্ব 
আলমগীর কবির 

অবশেষে দুঃখরা করেছে দুঃখ বরণ।
চাওয়া পাওয়া করেছে আত্মসমর্পণ, 
যেতে যেতে দূরে গেলে নদীর মতোন।
যেতে যেতে নদী বলে গেল,
এই সমান্তরাল দূরত্বই শেষ সমাধান। 

 

সেই বিকেলে
মকবুল মজুমদার

শরতের সেই পড়ন্ত বিকেলে, দুজনার পথচলা,
বুড়িগঙ্গার তীরে চোখে চোখে প্রেমের কথা বলা।
হাতিরঝিলের ওয়াটারবাসে ঝালমুড়ির স্বাদ,
আইসক্রিমের ঘ্রাণে ছিল ভালোবাসার উচ্ছ্বাস।
সেই স্মৃতিগুলো আমার হৃদয়জুড়ে জাগে,
তোমার মায়াবী হাসি শরতের কাশবনে লাগে।
তুমি আমার ফুলবাগানের সবচেয়ে প্রিয় ফুল,
তোমারই প্রেমে হারিয়ে গিয়ে, হয়েছি ব্যাকুল।
তোমা ছাড়া সকাল-দুপুর লাগে বড্ড নিরালায়,
তোমারই প্রেমে জীবন আমার পূর্ণতা খুঁজে পায়।
নব অতিথির হাসিতে আজ আমাদের ঘর ভরে–
দুজনার প্রেম চিরশরৎ হয়ে থাকুক হৃদয়ের ঘরে।
 

আরও পড়ুন

×