ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

শ্রদ্ধায়, স্মরণে কালজয়ী তিন রূপকার : বরিশাল বিশ্ববিদ্যালয়ে আলোচনা

শ্রদ্ধায়, স্মরণে কালজয়ী তিন রূপকার : বরিশাল বিশ্ববিদ্যালয়ে আলোচনা
×

(বাঁ থেকে) শামসুর রাহমান, হুমায়ুন আজাদ ও তারেক মাসুদ  কোলাস :: শেখ শাহাদ

নূর ইসলাম নিয়ন

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ০৭:৩৫

| প্রিন্ট সংস্করণ

বাংলা সাহিত্যের প্রথাবিরোধী কণ্ঠস্বর হুমায়ুন আজাদ, আধুনিক কবিতার দিকপাল শামসুর রাহমান এবং মুক্তচিন্তার চলচ্চিত্রকার তারেক মাসুদের প্রয়াণ আমাদের চিন্তা ও সংস্কৃতিতে গভীর শূন্যতা তৈরি করে। তাদের লেখনী ও সেলুলয়েডে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধ, প্রগতি এবং মানুষের স্বাধীনতার আকুতি। ১৩ ও ১৫ আগস্ট এই তিন কালজয়ী স্রষ্টার জীবন ও কর্ম নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও মৌলভীবাজারের সুহৃদরা আয়োজন করেন পাঠচক্র ও আলোচনা

বাংলাদেশের চলচ্চিত্রে তারেক মাসুদের ‘মাটির ময়না’ একটি উল্লেখযোগ্য সৃষ্টি। মুক্তিযুদ্ধের সময়কার সামাজিক বাস্তবতা, ধর্মীয় বিশ্বাস, পারিবারিক দ্বন্দ্ব, রাজনৈতিক অস্থিরতা এবং মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা–সবকিছুই চলচ্চিত্রটিতে উঠে এসেছে। একই সঙ্গে মানুষের পরিচয় ও নিজের মতো করে বেঁচে থাকার প্রশ্নও চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ একটি দিক–মাটির ময়না চলচ্চিত্র দেখে আয়োজিত আলোচনায় এসব কথা উঠে আসে। তারেক মাসুদের প্রয়াণ দিবসে ‘মাটির ময়না ও স্বাধীনতার চেতনা: ভাঙন, ইতিহাস এবং পরিচয়ের সন্ধান’ শীর্ষক আলোচনার আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয় সুহৃদ সমাবেশ। 
১৩ আগস্ট রাত ৯টায় জুম অ্যাপের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সমকাল সুহৃদ সমাবেশের ২৫ জন সদস্য অংশ নেন। শুরুতে ‘মাটির ময়না’ চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়। চলচ্চিত্র প্রদর্শনের পর সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যদের মধ্যে আলোচনা শুরু হয়। আলোচনায় স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, ধর্মীয় ও সামাজিক বাস্তবতা, পারিবারিক ভাঙন এবং মানুষের পরিচয়ের সংকটসহ বিভিন্ন বিষয় উঠে আসে।

মাটির ময়নায় ষাটের দশকের শেষভাগ থেকে একাত্তরের উত্তাল সময়কে একটি শিশুর দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হয়েছে। মাদ্রাসার পরিবেশ, পরিবারের ভেতরের দ্বন্দ্ব, ধর্মীয় অনুশাসন এবং সে সময়ের রাজনৈতিক পরিস্থিতি–সব মিলিয়ে একটি পরিবারের গল্পের মধ্য দিয়ে তৎকালীন সমাজের চিত্র দেখানো হয়েছে। আলোচনায় উঠে আসে, স্বাধীনতার চেতনা শুধু একটি ভূখণ্ডের স্বাধীনতার মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের চিন্তার স্বাধীনতা, নিজের পরিচয় এবং মানবিক মূল্যবোধের বিষয়টিও এর সঙ্গে জড়িত। তারেক মাসুদের চলচ্চিত্রে ইতিহাসকে শুধু বড় কোনো রাজনৈতিক ঘটনার মাধ্যমে দেখানো হয়নি। সাধারণ মানুষের জীবন, পারিবারিক সম্পর্ক, বিশ্বাস ও ব্যক্তিগত সংকটের মধ্য দিয়েও তিনি ইতিহাসকে তুলে ধরেছেন। মাটির ময়না এ ক্ষেত্রে মুক্তিযুদ্ধ-পূর্ব সময়ের সমাজবাস্তবতা বোঝার গুরুত্বপূর্ণ চিত্র।
ববি সুহৃদ সভাপতি নূর ইসলাম নিয়ন বলেন, ‘তারেক মাসুদের সৃষ্টিকর্ম বাংলাদেশের ইতিহাস ও সমাজকে বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধকালীন বাস্তবতা ও মানুষের মানসিক অবস্থাকে ভিন্নভাবে দেখার সুযোগ দেয়। তরুণদের মধ্যে চলচ্চিত্র ও ইতিহাস নিয়ে পাঠচর্চা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।’ 
    সভাপতি, সুহৃদ সমাবেশ, ববি 

আরও পড়ুন

×