ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীতে সাংগঠনিক সভা

শরৎ ও বিতর্ক উৎসবের প্রস্তুতি

শরৎ ও বিতর্ক উৎসবের প্রস্তুতি
×

পটুয়াখালী লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি মিলনায়তনে সাংগঠনিক সভায় সুহৃদদের একাংশ

মোহাম্মদ রাহাত উল্লাহ

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ০৭:৩৩

| প্রিন্ট সংস্করণ

পটুয়াখালীতে সুহৃদ সমাবেশের আগামীদিনের কর্মপরিকল্পনা ও বিভিন্ন আয়োজনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট বিকেলে স্থানীয় লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি মিলনায়তনে এ সভার আয়োজন করেন সুহৃদরা।
উপদেষ্টা কবি ও লেখক গাজী হানিফের সভাপতিত্বে সভায় অতিথি ও সুহৃদরা আগামীদিনের নানা সাংস্কৃতিক ও জ্ঞানভিত্তিক আয়োজন নিয়ে আলোকপাত করেন। সভায় বক্তব্য দেন সমকালের জেলা প্রতিনিধি ও সুহৃদ সমাবেশের জেলা সমন্বয়ক মুফতী সালাহউদ্দিন, উপদেষ্টা সৈয়দ আব্দুল ওয়াদুদ, সোনিয়া কর্মকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী রফিকুল ইসলাম রাহাত, মোহাম্মদ রাহাত উল্লাহ, নাদিরা মৃধা প্রমুখ।
সভায় প্রধান লক্ষ্য ছিল তরুণদের যুক্তি ও চিন্তাভিত্তিক চর্চা বাড়াতে সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ‘১২তম জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা’ সফলভাবে সম্পন্ন করা। এ ছাড়া আবহমান বাংলার রূপ ও প্রকৃতিকে বরণ করে নিতে আগামী মাসে একটি জমকালো ‘শরৎ উৎসব’ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বিতর্কের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, বিতর্ক শুধু কথা বলার কৌশল নয়, বরং যুক্তিবাদী ও স্বাধীন চিন্তার সমাজ গঠনে বিতর্কচর্চার কোনো বিকল্প নেই। স্কুলের শিক্ষার্থীদের মেধা বিকাশ, যুক্তির শানিত ব্যবহার ও মুক্তবুদ্ধির চর্চায় এই জেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুঘটক হিসেবে কাজ করবে। পাশাপাশি কাশফুল ও শুভ্র মেঘের ঋতু শরৎকে বরণ করতে সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি ও গান নিয়ে সুহৃদদের এ শরৎ আয়োজন স্থানীয় সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে।
জেলা সমন্বয়ক মুফতী সালাহউদ্দিন বলেন, ‘একজন সুহৃদ তাঁর অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংগঠনের যে কোনো কর্মসূচি সুন্দরভাবে সম্পন্ন করবেন– এটিই আমাদের মূল প্রত্যাশা। বিগত বছরগুলোয় পটুয়াখালী সুহৃদরা যেভাবে সক্রিয় থেকে জাতীয় বিতর্ক ও ঋতু উৎসবগুলো সফল করেছেন, আশা করি এবারও তার ধারাবাহিকতা বজায় থাকবে।’
সভাপতির বক্তব্যে গাজী হানিফ বলেন, ‘ধারাবাহিকভাবে বিতর্ক উৎসব আয়োজন করতে গিয়ে আমাদের সুহৃদদের নতুন নতুন অভিজ্ঞতা অর্জিত হয়েছে। এ অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারলে আসছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা সফল হবে। এ ছাড়া বর্ষা ঋতু উৎসবের সফলতার পর আমাদের শরৎ ঋতু উৎসবও সবার সহযোগিতায় এক অনন্য মাত্রা লাভ করবে। সুহৃদদের নিয়মিতভাবে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখতে হবে।’
সংগঠনকে আরও গতিশীল করা, নতুন সদস্য সংগ্রহ ও উপ-কমিটি গঠনের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে আলোচনা পর্ব শেষ হয়।
শেষে সুহৃদরা শরতের কবিতা পাঠ করেন। এ সময় সুহৃদ সোনিয়া কর্মকারের কণ্ঠে ‘শরতের আকাশ জুড়ে মেঘের খেলা, শিউলি ফুলের গন্ধে কাটে দুপুরবেলা। কাশফুলের ওই নাচন দেখে জুড়ায় রে মন, শরৎ যেন ফিরিয়ে আনে মধুর সেক্ষণ।’ ও ‘শরতের মেঘে ভেসে তরুণদের প্রাণ, কবিতায় খোঁজে তারা স্নিগ্ধতার গান।’ আবৃত্তির মধ্য দিয়ে সভা শেয় হয়। v
সুহৃদ, পটুয়াখালী

আরও পড়ুন

×