ঈশ্বরদীতে আলোচনা
চিরসবুজ তারুণ্যের প্রতিচ্ছবি
সুকান্ত ভট্টাচার্য [জন্ম: ১৫ আগস্ট ১৯২৬–মৃত্যু: ১৩ মে ১৯৪৭] : চিত্রকর্ম:: সাফায়েত সাগর
সেলিম সরদার
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ০৭:৩৫
| প্রিন্ট সংস্করণ
‘এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’– তারুণ্যের কবি সুকান্ত ভট্টাচার্য যখন এ কবিতা রচনা করেন তখন তিনি ছিলেন তরুণ। মাত্র অল্প বয়সেই কবি সুকান্ত ভট্টাচার্যের মধ্যে যে কাব্য প্রতিভার স্ফুরণ ঘটেছিল, এ কবিতা তার উৎকৃষ্ট উদাহরণ। পরবর্তী নতুন প্রজন্মের জন্য শোষণমুক্ত এক নতুন পৃথিবী গড়ে তোলার শপথ নিয়েছিলেন তাঁর ‘ছাড়পত্র’ কবিতায়। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের আয়োজনে বক্তারা এসব কথা বলেন। গত শনিবার স্থানীয় সাপ্তাহিক ঈশ্বরদী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের সহসভাপতি তানহা ইসলাম শিমুল। উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদীর সভাপতি সাইফ উদ্দিন স্বপন, সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন, স্বর্ণকলি বিদ্যাসদনের পরিচালক মনিরুল ইসলাম বাবু, সমকাল প্রতিনিধি সেলিম সরদার, সুহৃদ সমাবেশের সাংগঠনিক সম্পাদক দুর্জয় ইসলাম লিমন প্রমুখ।
আলোচনা পর্বে মুক্তার হোসেন বলেন, সুকান্ত ভট্টাচার্য কেবল কবিই ছিলেন না, তিনি ছিলেন একাধারে গীতিকার, গল্পকার, প্রাবন্ধিক, সাহিত্যিক। তাঁর জীবনের পরিধি হয়তো ক্ষুদ্র কিন্তু তাঁর সাহিত্যের পরিধি ছিল ব্যাপক, সৃষ্টিশীল ক্ষমতা ছিল কিংবদন্তিতুল্য। সুকান্তের কবিতা একরৈখিক নয়, বরং বিষয়বৈচিত্র্যে ও লৈখিক দক্ষতায় ছিল অনন্য অসাধারণ।
শিক্ষক মনিরুল ইসলাম বাবু বলেন, সুকান্ত ছিলেন গণমানুষের কবি, চিরসংগ্রামী, অসহায় নিপীড়িত সর্বহারা মানুষের কবি; তাদের সুখ-দুঃখ ছিল তাঁর কবিতার প্রধান বিষয়। অবহেলিত মানুষের অধিকার আদায়ের স্বার্থে ব্রিটিশ শাসক, ধনী মহাজন, অত্যাচারী জমিদার, লোভী মুনাফাখোর কালোবাজারি মজুতদার ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সুকান্ত ছিলেন আপসহীন সংগ্রামী। তাদের বিরুদ্ধে তাঁর লেখনী গর্জন করেছে বারবার। তিনি তাঁর কবিতার মধ্য দিয়ে দূর করতে চেয়েছেন শ্রেণিবৈষম্য; ঊর্ধ্বে তুলে ধরেছেন মানবতার জয়গান। সুকান্তের সাম্যবাদী চেতনাকে ধারণ করে শোষণমুক্ত ও মানবতাবাদী সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। v
সমন্বয়ক, সুহৃদ সমাবেশ, ঈশ্বরদী
- বিষয় :
- সুহৃদ সমাবেশ