রাজবাড়ীতে কবিতা পাঠের আসর
এ দেশের বুকে আঠারো আসুক নেমে
সুকান্ত ভট্টাচার্য [জন্ম: ১৫ আগস্ট ১৯২৬–মৃত্যু: ১৩ মে ১৯৪৭] : চিত্রকর্ম:: সাফায়েত সাগর
সৌমিত্র শীল চন্দন
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ০৭:৩৬
| প্রিন্ট সংস্করণ
‘অবাক পৃথিবী! অবাক কর’লে তুমি/জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি’ এবং ‘এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাবো আমি/নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’–তরুণ আবৃত্তিশিল্পীর উদাত্ত কণ্ঠে কবি সুকান্ত ভট্টাচার্যের কালজয়ী কবিতার এসব দীপ্ত পঙক্তি উচ্চারণের মধ্য দিয়ে রাজবাড়ীতে শুরু হয় মনোজ্ঞ আবৃত্তির আসর।
কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষে রাজবাড়ী সুহৃদ সমাবেশের উদ্যোগে সমকাল জেলা প্রতিনিধির কার্যালয়ে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। আসরে আবৃত্তিশিল্পীরা কবির ‘ছাড়পত্র’, ‘আঠারো বছর বয়স’ ও ‘হে মহাজীবন’সহ বেশ কিছু জনপ্রিয় কবিতা পাঠ করে প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।
সুহৃদ সমাবেশের সভাপতি আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে কবি সুকান্তের জীবনসংগ্রাম ও সাহিত্যের মানবিক দিক তুলে ধরা হয়। সুকান্ত ভট্টাচার্য ছিলেন একাধারে গণমানুষের কবি, চিরসংগ্রামী ও সর্বহারা মানুষের স্বর। খুব অল্প বয়সে সাহিত্যচর্চা শুরু করেও তিনি তাঁর লেখনীতে তৎকালীন সমাজবাস্তবতা, শোষণ-বঞ্চনা, দারিদ্র্য, ক্ষুধা ও সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইকে অনন্য শক্তিশালী ভাষায় তুলে ধরেছেন।
আসরে সুহৃদরা বলেন, সুকান্তের কবিতা কেবল সাহিত্যিক সৌন্দর্যের জন্য নয়, বরং প্রতিটি পঙক্তিতে সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতার প্রকাশ ঘটায়। যুদ্ধ, দুর্ভিক্ষ ও সামাজিক বৈষম্যের কঠিন সময়ে দাঁড়িয়েও তিনি মানবপ্রেম ও সাম্যের জয়গান গেয়েছেন। তাঁর কবিতা পাঠ করলে মানুষের প্রতি ভালোবাসা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত হয়।
এ সময় সুহৃদ উপদেষ্টা, শিক্ষক ও সুহৃদ সদস্যরা উপস্থিত ছিলেন। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন। তরুণ প্রজন্মের মাঝে সুকান্তের অসাম্প্রদায়িক ও বিপ্লবী চেতনা ছড়িয়ে দিতে সুহৃদ সমাবেশ নিয়মিত এ ধরনের কবিতা আবৃত্তি ও চর্চার আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে।
সভাপতির বক্তব্যে আহসান হাবীব বলেন, সুকান্ত ভট্টাচার্য বাংলা কবিতায় এমন এক সময়ের প্রতিনিধিত্ব করেছেন, যখন মানুষের জীবনে ছিল যুদ্ধ, দুর্ভিক্ষ, দারিদ্র্য ও সামাজিক বৈষম্যের তীব্রতা। সেই বাস্তবতাকে তিনি অত্যন্ত সহজ ভাষায় কবিতায় ধারণ করেছেন।
সমন্বয়ক, সুহৃদ সমাবেশ, রাজবাড়ী
- বিষয় :
- সুহৃদ সমাবেশ