ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে ফ্রি ডেন্টাল ক্যাম্প

সেবা পেলেন চার শতাধিক রোগী

সেবা পেলেন চার শতাধিক রোগী
×

ফরিদপুরে শিশু ও বড়দের মুখের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সেবা পৌঁছে দিতে দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্পের আয়োজন করে সুহৃদ সমাবেশ

আবরাব নাদিম ইতু

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪৭

| প্রিন্ট সংস্করণ

গ্রামীণ জনপদে আধুনিক ও সময়োপযোগী স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়ে ফরিদপুরে অনুষ্ঠিত হলো একটি ব্যতিক্রমী উদ্যোগ। শিশু ও বড়দের মুখের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সেবা পৌঁছে দিতে দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্পের আয়োজন করেছে সমকাল সুহৃদ সমাবেশ।

সোমবার ফরিদপুর সদর উপজেলার আলহাজ এমএ আজিজ হাইস্কুল প্রাঙ্গণে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে এই সেবা কার্যক্রম। এতে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ছাড়াও ফরিদপুরের বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে দাঁতের প্রাথমিক পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবার পাশাপাশি অর্কিড স্মাইল ডেন্টালের পক্ষ থেকে রোগীদের মধ্যে বিনামূল্যে টুথপেস্ট, প্রদেয় অ্যান্টিবায়োটিক ও ব্যথানাশকসহ নানা প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

ক্যাম্পে সার্বিক চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন অর্কিড স্মাইল ডেন্টালের বিশেষজ্ঞ চিকিৎসক সোহেল রানা, ফজলে শাওন হক ও তাসলিম বিন হাসান। চিকিৎসকরা আগতদের মুখের বিভিন্ন জটিলতা পরীক্ষা-নিরীক্ষার পর ওষুধ দেওয়ার পাশাপাশি প্রাত্যহিক জীবনের দাঁতের 
যত্ন ও সঠিক পরিচর্যার বিষয়ে বিশেষ পরামর্শ দেন।
বিনামূল্যে এ সেবা পেয়ে উচ্ছ্বসিত সেবাগ্রহীতারা। মুন্সিবাজার থেকে সেবা নিতে আসা ৫৫ বছর বয়সী কুলসুম খাতুন নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘প্রায় এক মাস ধরে দাঁতের ব্যথায় ঠিকমতো ঘুমাতে পারতাম না। টাকার অভাবে ডাক্তারও দেখাতে পারছিলাম না। এখানে এসে বিনামূল্যে চিকিৎসকদের পরামর্শ ও ওষুধ পেয়ে অনেক উপকার হলো।’
কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সমকালের নিজস্ব প্রতিবেদক হাসানুজ্জামান, খান ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. সাকি খানসহ সংগঠনের অন্যান্য সদস্য।
উদ্যোগটির বিষয়ে সুহৃদ সাংগঠনিক সম্পাদক ওহিদুল ইসলাম জানান, গ্রামীণ এলাকায় দাঁতের বিশেষায়িত চিকিৎসার সুযোগ বেশ সীমিত। সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য রক্ষা অত্যন্ত জরুরি হলেও বিষয়টি নিয়ে সচেতনতা কম। মূলত সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুনির্দিষ্ট সেবা দেওয়ার লক্ষ্যে সুহৃদের এ ফ্রি ক্যাম্পের আয়োজন। v
সাধারণ সম্পাদক
সুহৃদ সমাবেশ, ফরিদপুর

আরও পড়ুন

×