ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

আবৃত্তি ও মানসিক স্বাস্থ্য নিয়ে একদিন

আবৃত্তি ও মানসিক স্বাস্থ্য নিয়ে একদিন
×

রাজবাড়ী শিল্পকলা একাডেমিতে আবৃত্তি ও মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা শেষে অতিথি ও প্রশিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীরা

সৌমিত্র শীল চন্দন

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪২

| প্রিন্ট সংস্করণ

‘আমরা দাঁতের যত্ন নিই, চুলের যত্ন নিই কিন্তু মনের যত্ন কি কখনও নিই?’ শিশু, কিশোর ও পরিবার মনোরোগবিদ্যা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদের এমন প্রশ্নে মুহূর্তের জন্য ভাবনায় ডুবে যান অংশগ্রহণকারীরা। 
আবৃত্তিশিল্পী সুমনা শিল্পীর উচ্চারণ, বাচনভঙ্গি ও আবৃত্তিবিষয়ক দীর্ঘ সেশনটি যেন সুমিত এক মোহনীয় মুহূর্তে পরিণত হয়। ‘কণ্ঠে কবিতা মনে প্রশান্তি’ স্লোগানে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘আবৃত্তি ও মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা’। যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে রাজবাড়ী সুহৃদ সমাবেশ ও তূর্যশিকড় ঢাকা। সহযোগিতা করেছে মনোজগৎ সেন্টার ফরিদপুর ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস।
জাতীয় সংগীতের মাধ্যমে সকালে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ রেজভী জামান। মুখ্য আলোচক ছিলেন শিশু, কিশোর ও পরিবার মনোরোগবিদ্যা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ।
রাজবাড়ী সুহৃদ সমাবেশের উপদেষ্টা কমল কান্তি সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন প্রমুখ। উদ্বোধনী পর্ব শেষে শুরু হয় মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রথম সেশন। এটি পরিচালনা করেন অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ এবং ফরিদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মেজবাউল খান ফারহাদ। তারা অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং মানসিক সুস্থতা বজায় রাখার বিভিন্ন কৌশল তুলে ধরেন। শিশু-কিশোরদের মানসিক বিকাশ, পারিবারিক পরিবেশের প্রভাব, পড়াশোনা ও ব্যক্তিগত জীবনে মানসিক চাপ মোকাবিলা, আবেগ ও আচরণগত পরিবর্তন এবং প্রয়োজনে মানসিক সহায়তা নেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। আবৃত্তি কর্মশালা পরিচালনা করেন তূর্যশিকড় ঢাকার সভাপতি আবৃত্তিশিল্পী সুমনা শিল্পী। বিকেল ৫টায় সমাপনী ও সনদ বিতরণী পর্বে সভাপতিত্ব করেন রাজবাড়ী সুহৃদ সমাবেশের সহসভাপতি ডা. রাজীব দে সরকার। বক্তব্য দেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, রাজবাড়ী আবৃত্তি পরিষদের সভাপতি নূরুল হক আলম, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের সিনিয়র জোনাল ম্যানেজার এ কে এম মিজানুর রহমান, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সহসভাপতি রবিউল রবি প্রমুখ। দিনব্যাপী কর্মশালায় রাজবাড়ীর সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। 
সমন্বয়ক, সুহৃদ সমাবেশ, রাজবাড়ী

আরও পড়ুন

×