আবারও দেশজুড়ে যুক্তিতর্কের উৎসবে শিক্ষার্থীরা
নীলফামারীতে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলফারুক একাডেমি এবং রানার্সআপ সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অতিথি ও সুহৃদরা
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪৮
| প্রিন্ট সংস্করণ
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে দেশজুড়ে শুরু হলো বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান উৎসব। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে সুহৃদ সমাবেশের আয়োজনে ১২তম আসরের পাওয়ার্ড বাই স্পন্সর শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। গত ১০ ও ১৩ সেপ্টেম্বর দিনব্যাপী প্রতিযোগিতার মধ্য দিয়ে ১০ জেলায় অনুষ্ঠিত হয় উৎসব
যুক্তি-পাল্টা যুক্তি আর শিক্ষার্থী, অভিভাবক, অতিথি, সুহৃদ ও বিতর্কপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে মিলনমেলায় হয়ে ওঠে উৎসব। সংশ্লিষ্ট অফিস, প্রতিনিধির পাঠানো খবর এবং ছবিতে অনুষ্ঠিত প্রতিযোগিতা নিয়ে আয়োজন।
রংপুর
রংপুরে বিতর্ক উৎসবে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং শিশুনিকেতন উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়েছে। সেরা বক্তা চ্যাম্পিয়ন দলের দলনেতা তাসফিয়াহ্ তাফান্নুম। উৎসব উদ্বোধন করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম। বিচারক ছিলেন শিক্ষক শেখ ফরিদ, নাছিমা হক ও স্বাধীন মিয়া।
পঞ্চগড়
পঞ্চগড়ে বিতর্ক প্রতিযোগিতায় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষানিকেতন চ্যাম্পিয়ন এবং ড. আবেদা হাফিজ বালিকা স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হয়েছে। বিজয়ী দলের দলনেতা উম্মে হুমায়রা সেরা বক্তা নির্বাচিত হয়। অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম।
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে প্রতিযোগিতায় আইডিয়াল স্কুল চ্যাম্পিয়ন এবং বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বিতর্ক দল রানার্সআপ হয়েছে। সেরা বক্তা রানার্সআপ দলের আবদুল্লাহ হোসাইন।
বিচারক ছিলেন আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক ফারজানা আক্তার, প্রভাষক সতীন চন্দ্র হাওলাদার, সাবেক বিতার্কিক ও নাট্যকর্মী তানজিলা সামস।
অতিথি ছিলেন শিক্ষক আনোয়ার হোসেন।
রাজশাহী
রাজশাহী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্কে সিরোইল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং রাজশাহী কলেজিয়েট স্কুল রানার্সআপ হয়েছে। সেরা বক্তা নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের মিফতাহুল হক। উৎসব উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইব্রাহিম আলী। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। বিশেষ অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ
ফুলকুঁড়ি ইসলামিক একাডেমি চ্যাম্পিয়ন এবং শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল রানার্সআপ হয়। শ্রেষ্ঠ বক্তা ফুলকুঁড়ি ইসলামী একাডেমির জিহাদ আলী। এতে শিবগঞ্জ, গোমস্তাপুর ও সদর উপজেলার ১৯টি বিদ্যালয় অংশ নেয়।
শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, অধ্যাপক বিপ্লব কুমার মজুমদার, অধ্যাপক সৈয়দ মোজহারুল ইসলাম।
গাইবান্ধা
গাইবান্ধায় চ্যাম্পিয়ন হয়েছে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। রানার্সআপ হয়েছে সরকারি বালক উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা রানার্সআপ দলের এএসএম আরশ সালেহীন। উৎসব উদ্বোধন করেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেদায়েতুল ইসলাম। অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রশিদ, সাংবাদিক শাহাবুল শাহীন তোতা, রফিকুল ইসলাম রফিক, প্রভাষক ফাতেমা ইয়াছমিন।
দিনাজপুর
দিনাজপুরে পার্বতীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয়েছে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় রানার্সআপ দলের ফাহমিদা ফাইজাহ। অংশগ্রহণ করে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, পার্বতীপুর কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, জিলা স্কুল, কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ এবং পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়। অতিথি ছিলেন– দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু।
নওগাঁ
নওগাঁয় কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং সীমান্ত পাবলিক উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। সেরা বক্তা নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের দলনেতা এমএম ত্বাহা। উৎসবের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুল হক। অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
নাটোর
নাটোরে নববিধান বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। রানার্সআপ হয় নাটোর সুগার মিলস উচ্চ বালিকা বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা বিজয়ী দলের উম্মে সাইমা শেখ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ এবং পাখি বিশেষজ্ঞ এনামুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, শিক্ষক বিমান গোবিন্দ সরকার প্রমুখ।
নীলফামারী
নীলফামারীতে প্রতিযোগিতায় আলফারুক একাডেমি চ্যাম্পিয়ন এবং সৈয়দপুর বিজ্ঞান কলেজ রানার্সআপ হয়েছে। শ্রেষ্ঠ বক্তা চ্যাম্পিয়ন দলের আব্দুল্লাহ দানিয়ান। উৎসব উদ্বোধন করেন অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান।
- বিষয় :
- সুহৃদ সমাবেশ