ঢাকা রোববার, ২২ নভেম্বর ২০২৬

ভৈরব নদ বাঁচাতে নারী চিকিৎসকের সম্মিলিত অভিযান

ভৈরব নদ বাঁচাতে নারী চিকিৎসকের সম্মিলিত অভিযান
×
×

ভৈরবের তীরে ডা. ঊষার আহ্বানে স্বেচ্ছাসেবীরা কচুরিপানা পরিষ্কার করেন

 তৌহিদুর রহমান

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ০৭:৪৬ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ | ০৮:৩৭

| প্রিন্ট সংস্করণ

একসময় ভৈরবের বুকে নীল আকাশের ছায়া পড়ত। পূর্ণিমার রাতে জোছনায় ঝিকমিক করত জল, ঢেউয়ের ভাঁজে ভাঁজে খেলা করত আলো। সেই নদ আজ যশোর শহরের বুক চিরে বয়ে চলা কালো, দুর্গন্ধময় এক জলাধার। কচুরিপানা আর আবর্জনার স্তূপের নিচে চাপা পড়েছে তার প্রাণ। এই মরণদশা দেখে চুপ থাকতে পারেননি যশোরের মেয়ে ডা. সাদিয়া মনোয়ারা ঊষা। ঘোপ ও বারান্দিপাড়ায় তাঁর বেড়ে ওঠা, শৈশব জড়িয়ে আছে ভৈরবের সঙ্গে। কিছুদিন আগে ফেসবুকে ভৈরবকে কচুরিপানামুক্ত করার ডাক দেন ঊষা। শুধু ডাক দিয়েই থামেননি। নিজে আগে নদে নেমে কচুরিপানা সরিয়েছেন, সেই ছবি দিয়ে অন্যদের এগিয়ে আসতে বলেছেন। একজন নারী চিকিৎসকের এই সাহসী উদ্যোগ মুহূর্তেই ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে।

৯ নভেম্বর সকাল। দড়াটানা সেতুর পূর্ব পাশে ভৈরবতীরে একে একে জড়ো হন তরুণ-তরুণীরা। কারও হাতে বস্তা, কারও হাতে পরিচ্ছন্নতার সরঞ্জাম। তারপর দল বেঁধে নেমে পড়েন কালো পানিতে। পানিতে ভাসছে প্লাস্টিকের বোতল, কচুরিপানা, এমনকি হাসপাতালের ব্যবহৃত বর্জ্য। ঝুঁকি জেনেও কেউ পিছু হটেননি। একার উদ্যোগ রূপ নেয় সম্মিলিত অভিযানে।

স্বেচ্ছাসেবক তারিক মাহবুব জানালেন, পানিতে ইনজেকশনের সুঁই, ভাঙা কাচসহ নানা বিপজ্জনক জিনিস রয়েছে। তবু ঊষার ডাকে সাড়া না দিয়ে পারেননি। সংহতি জানাতে আসা যশোরের রাজশাহী বিশ্ববিদ্যালয় ফোরামের সদস্য ও ব্লাস্ট যশোরের সমন্বয়কারী অ্যাডভোকেট মোস্তফা হুমায়ুন কবীরের মতে, এ কাজ সাধারণ মানুষের করার কথা নয়। স্থানীয় প্রশাসনের দায়িত্বহীনতাই নদকে এ অবস্থায় এনেছে। কয়েক দিন আগেও যে অংশ কচুরিপানায় প্রায় ঢাকা ছিল; তার অনেকটাই এখন পরিষ্কার। নদের বুকে আবার দেখা যাচ্ছে পানির চলাচল। প্রতিদিন নদের তীরে ভিড় করছেন উৎসুক মানুষ। কেউ উৎসাহ দিচ্ছেন, কেউ নিজেই নেমে পড়ছেন। তবে কচুরিপানা সরলেও পানি এখনও কালো, গন্ধও যায়নি। স্থানীয়দের আশঙ্কা, বর্জ্য ফেলা বন্ধ না হলে এ পরিচ্ছন্নতা টিকবে না।

ঊষা নিজেও তা জানেন। তাঁর কথায়, সুস্থ থাকতে শুধু ওষুধ বা জীবনযাপনের বদল যথেষ্ট নয়, দরকার সুস্থ পরিবেশ। তিনি বলেন, ‘শুরুটা একটা স্বপ্ন থেকে। ভৈরবের স্বচ্ছ জলে আবার আকাশের ছায়া পড়বে, জোছনা রাতে দেখা যাবে চাঁদ। এই স্বপ্ন এখন আর আমার একার নয়। পথ কঠিন। চিকিৎসক হিসেবে রোগীকে সারিয়ে তোলার আশা যেমন ছাড়ি না, ভৈরবকে বাঁচানোর আশাও ছাড়ছি না।’

ভৈরবের এই দুর্দশা এক দিনে তৈরি হয়নি। নদে প্রবাহ ফেরাতে ২০১৬ সালে পানি উন্নয়ন বোর্ড ২৭২ কোটি টাকার প্রকল্প নেয়, যার আওতায় ৯২ কিলোমিটার নদ খনন হয়। কাজ শেষে ব্যয় দাঁড়ায় প্রায় ২৮০ কোটি টাকা। খননের পর রক্ষণাবেক্ষণ হয়নি। নদের ওপর অন্তত ৫১টি অপরিকল্পিত সেতু-কালভার্ট প্রবাহের পথ আটকে রেখেছে। ফলে আবারও কচুরিপানা আর আবর্জনায় ঢেকে গেছে নদ। দূষণ, দুর্গন্ধ আর মশায় দুর্বিষহ নদতীরের জীবন।

দীর্ঘদিন ধরে ভৈরব নিয়ে কাজ করা জনউদ্যোগ যশোরের ব্যবস্থাপক বীথিকা সরকার জানান, তরুণদের এভাবে নদে নামা নতুন আশা জাগায়। কিন্তু এক দিনের স্বেচ্ছাশ্রমে এত পুরোনো সংকট মিটবে না– এ কথাও মনে করিয়ে দিলেন তিনি।

যশোর পৌরসভার পানি ও পয়োনিষ্কাশন বিভাগের প্রকৌশলী কামাল হোসেন উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন। তাঁর আশ্বাস, নদে বর্জ্য ফেলা বন্ধে পৌরসভা দ্রুত পদক্ষেপ নেবে, যুক্ত করা হবে পানি উন্নয়ন বোর্ডকেও। জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসান স্বীকার করেছেন, অতীতের প্রকল্পে যথাযথ সমীক্ষার ঘাটতি ছিল। এবার স্থায়ী সমাধানের পথ খুঁজছে জেলা প্রশাসন।

আশ্বাস অনেক শোনা গেছে। তবে এবারের পার্থক্য একটাই। একজন তরুণ নারী চিকিৎসক কাদাজলে নেমে দেখিয়ে দিয়েছেন, নদকে ভালোবাসার দায় কেবল কথায় শেষ হয় না। দূষণ বন্ধ, প্রবাহ ফেরানো আর নিয়মিত পরিচর্যা হলে তবেই ভৈরবের জলে আবার আকাশের ছায়া পড়বে। ডা. ঊষার সেই স্বপ্ন এখন যশোরের মানুষেরও। 

আরও পড়ুন

×