জাতীয় শিশুযত্ন সম্মেলন ২০২৬
শিশুর যত্নে ঐক্যবদ্ধ
রাজধানীর বাংলা একাডেমিতে ‘জাতীয় শিশুযত্ন সম্মেলন ২০২৬’ পরিদর্শনকালে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন
হিল্লোল চৌধুরী
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ০৭:৪৭
| প্রিন্ট সংস্করণ
সকালে কাজে বের হওয়ার আগে অনেক মায়ের মাথায় একটাই প্রশ্ন ঘোরে–বাচ্চাটা আজ কার কাছে থাকবে? নানি-দাদি থাকেন দূরে, গৃহকর্মীর ওপর ভরসা করা যায় না আর কাছাকাছি নির্ভর করার মতো কোনো দিবাযত্ন কেন্দ্র নেই। এই প্রশ্নের উত্তর না পেয়ে অনেক নারী চাকরির প্রস্তাব ফিরিয়ে দেন। কেউ সন্তান হওয়ার পর আর কাজে ফেরেন না। ঘরের ভেতরের এই নীরব হিসাবটা শেষ পর্যন্ত দেশের অর্থনীতির খাতায় গিয়ে ওঠে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, শ্রমবাজারে পুরুষের অংশগ্রহণ যেখানে প্রায় ৮০ শতাংশ, নারীর সেখানে মাত্র ৩৮ দশমিক ৪০ শতাংশ। ২০২২ সালে এই হার ছিল ৪২ দশমিক ৭৭ শতাংশ। দেশে কর্মজীবী নারী প্রায় দুই কোটি ৩৬ লাখ। অথচ সরকারি দিবাযত্ন কেন্দ্র আছে ৬৪টি; তাতে জায়গা চার হাজারের কিছু বেশি শিশুর।
এ বাস্তবতা সামনে রেখে রাজধানীর বাংলা একাডেমিতে শুরু হয় দুদিনের ‘জাতীয় শিশুযত্ন সম্মেলন ২০২৬’। প্রতিপাদ্য ছিল ‘শিশুর যত্নে ঐক্যবদ্ধ’। যৌথভাবে আয়োজন করে সিনারগোস বাংলাদেশ, ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট (বিআইইডি), ব্র্যাক ও বিশ্বব্যাংক গ্রুপ। ১৪ নভেম্বর উদ্বোধনী অধিবেশনে এক জায়গায় বসেন নীতিনির্ধারক, নিয়োগদাতা, শিশুযত্ন সেবাদাতা, উদ্যোক্তা, গবেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। সবার কথার সারমর্ম একটাই। সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও মানসম্মত শিশুযত্ন না থাকলে নারী কাজে ঢুকতে পারেন না; ঢুকলেও টিকে থাকতে পারেন না।
প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি মেনে নেন, শিশুকে কে দেখবে–এই অনিশ্চয়তায় অনেক নারী কাজে যেতে পারছেন না; অনেকে মাঝপথে ঝরে পড়ছেন। তাঁর মতে, এখানে রাষ্ট্রের দায়ই সবচেয়ে বেশি। তিনি জানান, বিদ্যমান শিশু দিবাযত্ন কেন্দ্র আইনে কিছু জটিলতা আছে। অংশীজনদের সঙ্গে আলোচনা করে আইনে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন করা হবে। সরকার কমিউনিটিভিত্তিক শিশুযত্নকে বেশি গুরুত্ব দিচ্ছে এবং বেসরকারি উদ্যোক্তাদেরও সুবিধা দেবে। তাঁর ভাষায়, শিশুযত্ন কেন্দ্র শুধু সেবা নয়, বিনিয়োগ আর কর্মসংস্থানেরও সুযোগ। বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জঁ পেসমের মতে, বাংলাদেশকে উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যে পৌঁছাতে হলে কর্মসংস্থান, উৎপাদনশীলতা বাড়াতে হবে, মানবসম্পদকে ভালোভাবে কাজে লাগাতে হবে। এই হিসাবের কেন্দ্রে থাকতে হবে নারীকে। ভালো শিশুযত্ন মাকে কাজে ফেরায়, আবার শিশুর জীবনের শুরুটাও মজবুত করে। সম্মেলনের সবচেয়ে জোরালো কথাটি সম্ভবত বলেছেন ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক অরিঞ্জয় ধর। নারীকে যদি সন্তান আর কাজের মধ্যে একটিকে বেছে নিতে হয়, তাহলে অন্তর্ভুক্তিমূলক ও উৎপাদনশীল অর্থনীতি কখনোই গড়ে উঠবে না। তাঁর চোখে মানসম্মত শিশুযত্ন সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামোরই অংশ। নীতিগত দিকনির্দেশনা আছে, ঘাটতি আছে বাস্তবায়নে।
শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ একটি কাঠামো দিয়েছে। শ্রম আইনেও আছে, যে প্রতিষ্ঠানে চল্লিশ বা তার বেশি নারী শ্রমিক কাজ করেন, সেখানে ছয় বছরের কম বয়সী শিশুর জন্য আলাদা কক্ষ রাখতে হবে। কিন্তু আলোচকরা দেখিয়েছেন, বাস্তবায়ন, তদারকি, অর্থায়ন, প্রশিক্ষিত জনবল আর মান নিশ্চিত করার জায়গায় বড় ফাঁক রয়ে গেছে। নিম্নআয়ের পরিবারের পক্ষে অনেক ক্ষেত্রে এর খরচ জোগানো কঠিন। বিশ্বব্যাংক গ্রুপের সাম্প্রতিক গবেষণা বলছে, পরিবারগুলো এমন সেবা চায় যা সাশ্রয়ী, বাড়ির কাছে, বিশ্বাস করার মতো এবং শিশুর বিকাশে সহায়ক। আয়োজকরা মনে করিয়ে দেন, শিশুযত্নকে একটি খাত হিসেবে স্বীকৃতি দেওয়ার মানে নারীর বেতনভুক্ত ও অবৈতনিক যত্নশ্রমের মূল্য মেনে নেওয়া। বৈশ্বিক গবেষণার আলোকে তারা শিশুযত্নের তিনটি সুফলের কথা বলেন। এতে অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ে, পরের প্রজন্ম শক্ত মানবসম্পদ হয়ে ওঠে আর প্রবৃদ্ধি হয় অন্তর্ভুক্তিমূলক।
আসল কথা হলো, শিশুযত্ন কোনো একক পরিবারের বা একা একজন মায়ের বিষয় নয়। মান ঠিক রেখে সেবার আওতা বাড়াতে হলে সরকার, নিয়োগদাতা, সেবাদাতা, কমিউনিটি আর উন্নয়ন অংশীদারদের একসঙ্গে কাজ করতে হবে। যে দেশে মা নিশ্চিন্তে কাজে যেতে পারেন, সে দেশে শিশুও নিরাপদে বড় হয়।
- বিষয় :
- শিশু